ডিএনসিসির ২৭ নম্বর ওয়ার্ড

জলাবদ্ধতাই প্রধান সমস্যা আছে যানজটও

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ০২:৩২ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাজাবাজার ও মনিপুরীপাড়াসহ এলাকার অধিকাংশ অলিগলিতে সামান্য বৃষ্টিতেই দেখা দেয় জলাবদ্ধতা। এলাকার সরু অলি-গলিগুলোতে দিনভর লেগে থাকে তীব্র যানজট, কিন্তু তা নিয়ন্ত্রণে নেই যথাযথ ট্রাফিক ব্যবস্থাপনা। এ ছাড়া ফার্মগেটে ফুটপাত দখল করে ভ্রাম্যমাণ দোকান ও অবৈধ লেগুনাস্ট্যান্ডের কারণে প্রধান সড়কেও যানজটের ভোগান্তি পোহাতে

হয় এলাকাবাসীকে। তবে এলাকাটি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সংসদীয় এলাকা হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি রাজধানীর অন্যান্য ওয়ার্ডের চেয়ে তুলনামূলক ভালো।

রাজধানীর দুই সিটির নির্বাচনের তফসিল ঘোষণার পর অন্য সব ওয়ার্ডের মতো ডিএনসিসির এই ওয়ার্ডটিতেও এখন চলছে নির্বাচনী উন্মাদনা। সম্ভাব্য প্রার্থীরা যে যার মতো করে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ে ব্যস্ত। ওয়ার্ডের ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশনব্যবস্থার আধুনিকায়ন করে জলাবদ্ধতার স্থায়ী সমাধান করতে চান সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা। এ ছাড়া পানি ও মশক সমস্যার সমাধান করারও অঙ্গীকার করছেন তারা। এখানে বর্তমান কাউন্সিলর ফরিদুর রহমান খান ইরান এবারও ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন। অন্যদিকে বিএনপির সমর্থন পেয়েছেন আনোয়ারুজ্জামান আনোয়ার।

২৭ নম্বর ওয়ার্ডের একাধিক বাসিন্দা এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে এলাকার নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তবে পশ্চিম রাজাবাজার মসজিদের পাশে ও মনিপুরীপাড়াসহ বেশ কিছু জায়গায় বর্ষকালে পানি জমে জলাবদ্ধতা ও ফার্মগেটে ফুটপাত দখল করে ভ্রাম্যমাণ দোকান ও অবৈধ লেগুনাস্ট্যান্ডের কারণে যানজটে তাদের ভোগান্তির কথা জানিয়েছেন।

পূর্ব রাজাবাজার, পশ্চিম রাজাবাজার, গ্রিনরোড, ফার্মগেট, ইন্দিরা রোড, মনিপুরীপাড়া, শেরেবাংলা নগর ও সংসদ ভবন এলাকা নিয়ে গঠিত ২৭ নম্বর ওয়ার্ড। জাতীয় সংসদ ভবন, বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র, সামরিক জাদুঘর, নভোথিয়েটার ও বেশ কয়েকটি সরকারি-বেসরকারি হাসপাতাল রয়েছে এই ওয়ার্ডে।

মনিপুরীপাড়ার বাসিন্দা মাহফুজ সুমন দেশ রূপান্তরকে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি এখানে, ফলে মধ্যরাতেও এই রাস্তায় চলাফেরা অনিরাপদ লাগে না। আমি এক যুগেরও বেশি সময় ধরে এখানে বসবাস করি। আগে খামারবাড়ি-খেজুরবাগানের পাশে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটত। এখন ছিনতাই কমেছে।’

মনিপুরীপাড়ার একাধিক জায়গা এবং পশ্চিম রাজাবাজারের কিছু জায়গায় দুর্বল ড্রেনেজব্যবস্থার কারণে বর্ষাকালে পানি জমে থাকা ও মশার উৎপাতসহ নানা ভোগান্তি পোহান বাসিন্দারা। পশ্চিম রাজাবাজারের বাসিন্দা প্রসেনজিৎ রায় বলেন, ‘গত বর্ষায়ও রাস্তায় পানি জমেছে। তবে রাত-বিরাতে বাসায় ফিরতে সমস্যা হয় না। ছিনতাই ও মাদকের প্রকোপ কমেছে।’

তবে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজব্যবস্থার সংস্কার করা হয়েছে বলে দাবি করেন কাউন্সিলর ফরিদুর রহমান খান ইরান। দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘রাজাবাজার এলাকার যেসব রাস্তায় জলাবদ্ধতা ছিল, সেটা ঠিক করা হয়েছে। পশ্চিম রাজাবাজার মসজিদের পেছনে অল্প একটু জায়গায় সমস্যা ছিল। ওই জায়গাটা মূলত দুই ওয়ার্ডের স্যুয়ারেজ লাইনের সংযোগস্থল হওয়ায় সেখানে পানি জমত। এবার সেখানে কাজ করা হয়েছে।’

ফার্মগেটের ফুটপাতে অবৈধ দখল ও লেগুনাস্ট্যান্ডের বিষয়ে তিনি বলেন, সেখানে অনেকবার উচ্ছেদ করা হয়েছে। কিন্তু এই জায়গাটা এত জনবহুল এলাকা, এক ঘণ্টা নজরদারি না থাকলেই সেখানে আবার ভ্রাম্যমাণ দোকান বসে যায়। তাই ফুটপাত দখলমুক্ত রাখার ক্ষেত্রে পুলিশের আরও সক্রিয় ভূমিকা দরকার।

ওয়ার্ডটিতে বিএনপি সমর্থিত প্রার্থী আনোয়ারুজ্জামান আনোয়ার দেশ রূপান্তরকে বলেন, ‘আমি নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত ওয়ার্ড গড়ব। এর আগে ২০০১ সাল থেকে আমি ১০ বছর এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম। তখন নানামুখী উন্নয়নকাজ করেছি। আশা করি, সুষ্ঠু নির্বাচন হলে সবাই আমাকে ভোট দেবেন। গত সংসদ নির্বাচনে কারচুপির কারণে সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের কিছুটা শঙ্কা রয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত