নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সীমান্তবর্তী এলাকা খারনৈ ইউনিয়ন থেকে চিতাবাঘের একটি শাবক উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার সকালে ইউনিয়নের বামনগাঁও গ্রামের আব্দুল মালেকের বাড়ির পেছনের নির্জন জঙ্গল থেকে এলাকাবাসী চিতাবাঘের একটি শাবক পায়। এ সময় বাঘের বাচ্চা উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে ইউএনও মো. সোহেল রানা ও থানা-পুলিশের সহযোগিতায় ইউপি চেয়ারম্যান মো. ওবায়দুল হক শাবকটিকে উদ্ধার করে কলমাকান্দা প্রাণী সম্পদ অফিসে নিয়ে আসেন।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ভেটেরিনারি সার্জন ডা. মো. ফারুক হোসেন পরীক্ষা-নিরীক্ষা করে বলেন, শাবকটি চিতাবাঘের বলে ধারণা করা হচ্ছে। এ শাবকটি এখন সুস্থ ও ভালো আছে।
কলমাকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা বলেন, আব্দুল মালেক বাড়ির পেছনের নির্জন জঙ্গলে কাঁঠাল গাছের উপড়ে চিতা বাঘের শাবকটিকে দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেন। পরে স্থানীয় এলাকাবাসী একত্রিত হয়ে বাঘের শাবকটিকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে শাবকটি জঙ্গলের পাশার মঙ্গলেশ্বরী পাহাড়ি নদীতে ঝাঁপ দেয়। একপর্যায়ে লোকজন নানা কৌশলে বাঘটিকে আটক করে।
তিনি জানান, বাঘের শাবকটিকে উপজেলা প্রাণী সম্পদ বিভাগের হেফাজতে রাখা হয়েছে। ওই শাবকটিকে নেত্রকোনায় বন বিভাগের নিকট হস্তান্তর করা হবে।
