দীর্ঘ ৭ বছর পর নির্ভয়ার ধর্ষকদের বিরুদ্ধে দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট মৃত্যু পরোয়ানা জারি করেছে বলে জানিয়েছে এনডিটিভি। আগামী ২২ জানুয়ারি সকাল ৭টায় ধর্ষক পবন গুপ্ত, মুকেশ সিংহ, বিনয় শর্মা এবং অক্ষয় ঠাকুর সিংহকে ফাঁসিতে ঝোলানোর নির্দেশ দিল আদালত।
গতকাল তিহাড় জেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারকের সঙ্গে কথা বলে ওই চার অপরাধী। তাদের বক্তব্য শোনার পর বিকেল ৫টা নাগাদ রায় দেন বিচারক। তবে অপরাধীরা চাইলে রায় সংশোধনের জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানাতে ও ক্ষমা চাইতেও পারে।
অপরাধীদের ফাঁসি কার্যকর করার নির্দেশ এগিয়ে আনতে পাতিয়ালা হাউজ কোর্টে আবেদন করেছিল নির্ভয়ার পরিবার। তাদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারির আবেদন করেছিলেন নির্ভয়ার মা আশাদেবী এবং বাবা বদ্রীনাথ সিংহ।
গত ১৮ ডিসেম্বর সেই আবেদনের শুনানি চলাকালীন ৭ জানুয়ারি পর্যন্ত রায় স্থগিত রাখেন অতিরিক্ত দায়রা বিচারক সতীশ অরোরা। সেই সময় আদালতের মধ্যেই কান্নায় ভেঙে পড়েছিলেন নির্ভয়ার মা আশাদেবী। গতকালও আদালতের রায়ের পর কান্না চেপে রাখতে পারেননি তিনি।
আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের আশাদেবী বলেন, ‘এই রায়ে আইন ব্যবস্থার ওপর মানুষের আস্থা ফিরবে। আমার মেয়ে সুবিচার পাবে। সুবিচার পাবে দেশের সমস্ত মেয়ে।’ নির্ভয়ার বাবা বদ্রীনাথ বলেন, ‘আদালতের রায়ে খুশি আমি। ২২ জানুয়ারি সকাল ৭টায় অপরাধীদের ফাঁসি হবে। এ ধরনের অপরাধ যারা ঘটায়, এই রায় তাদের মনে ভয় ধরাবে।’
