ইউনাইটেডের মাঠে জয়ে ফাইনালে এক পা ম্যানসিটির

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ০৮:৫৭ এএম

প্রথমার্ধেই তিন গোল। তাতে স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেডকে সেমি-ফাইনালের প্রথম লেগে হারিয়ে লিগ কাপের ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি।

ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচটিতে ৩-১ গোলের জয় পায় পেপ গুয়ার্দিওলার দল। একটি করে গোল করে দলের জয়ে অবদান রাখেন বের্নাদো সিলভা ও রিয়াদ মাহরেজ। অপর গোলটি আত্মঘাতী। দ্বিতীয়ার্ধে ম্যানইউ’র হয়ে একটি গোল শোধ করেন মার্কাস র‍্যাশফোর্ড।

গত ৭ ডিসেম্বর ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল দল দুটি। তাতে সিটির মাঠে সিটিকে ২-১ গোলে হারিয়ে দিয়েছিল ম্যানইউ। এবার সেই হারেরই প্রতিশোধ নিল গত আসরের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের সপ্তদশ মিনিটেই এগিয়ে যায় সিটি। কাইল ওয়াকারের পাস থেকে কুড়ি গজ দূর থেকে বাঁ পায়ের শটে জালে বল জড়ান সিলভা।

৩৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে অতিথি দল। এবারের গোলেও অবদান সিলভার। পর্তুগিজ এই মিডফিল্ডারের রক্ষণচেরা পাসে ডি-বক্সে বল পেয়ে যান মাহারেজ। ডান পায়ের শটে গোল করেন আক্রমণভাগের এই খেলোয়াড়।

প্রধমার্ধের নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার সাত মিনিট আগে তৃতীয় গোল পায় সিটি। রক্ষণ সামলাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে বসেন ম্যানইউ’র ব্রাজিলিয়ান মিডফিল্ডার আন্দ্রেস পেরেইরা।

৭০তম মিনিটে ম্যানইউ’র হয়ে সান্ত্বনাসূচক গোল করেন মার্কাস র‍্যাশফোর্ড। সতীর্থ ম্যাসন গ্রিনউডের দ্রুত গতির পাস থেকে বল পেয়ে যান ইংলিশ ফরোয়ার্ড র‍্যাশফোর্ড। ডি-বক্সের মাঝামাঝি থেকে ডান পায়ের শটে জালে জড়ান বল। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল হয়নি।

দল দুটির ফিরতি লেগের লড়াই হবে ৩০ জানুয়ারি, ম্যানচেস্টার সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত