‘অল ইজ ওয়েল’: ইরানের হামলার প্রতিক্রিয়ায় ট্রাম্প

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ০১:২১ পিএম

ইরাকে দুইটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিক্রিয়া দেখায়নি যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার মধ্যরাতে আল আসাদ এবং ইরবিলে ঘাঁটি দুইটিতে ১২টির বেশি ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় ইরান।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট বার্তায় জানিয়েছেন, ‘অল ইজ ওয়েল। হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত সব ঠিকই আছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং সজ্জিত সামরিক বাহিনী রয়েছে।’  

ইরানের হামলার প্রতিক্রিয়া কোনো পদক্ষেপ নেয়া হবে কী না সে ব্যাপারে তিনি কিছু বলেননি। তবে সকালে একটি বিবৃতি দেবেন বলে জানান ট্রাম্প।

এদিকে ওয়াশিংটন ও তেহরান জানাচ্ছে, ইরানের জেনারেল সোলেইমানিকে হত্যার প্রতিশোধ নিতে এটাই প্রথম পদক্ষেপ ইরানের। পেন্টাগন জানাচ্ছে, যুদ্ধকালীন ক্ষতির মোকাবিলায় ব্যস্ত তারা।

তবে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পেন্টাগন জানিয়েছে, তারা প্রস্তুত ছিল। কেননা গত কয়েক দিন ধরেই দুই দেশের মধ্যে যুদ্ধের উত্তেজনা চলছে।

আত্মরক্ষার তাগিদেই এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।

হামলার পরে ইরানি মন্ত্রী টুইটার বার্তায় বলেন, ‘ওই দুই সেনাঘাঁটি থেকে আমাদের নাগরিক এবং সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছিল। তাই জাতিসংঘের ৫১ নম্বর ধারা মেনে আত্মরক্ষার তাগিদে এই পদক্ষেপ করা হয়েছে। আমরা যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চাই না। কিন্তু যে কোনও রকম আগ্রাসন প্রতিহত করতে প্রস্তুত আমরা।’

প্রসঙ্গত, গত শুক্রবার ভোরে ইরাকে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন মেজর জেনারেল সোলেইমানি। তিনি ইরানি সেনাবাহিনী ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান ছিলেন।

ইসরায়েলি হামলা ও আধিপত্যের বিরুদ্ধে হামাসকে সহায়তা দিত সোলেইমানির কুদস বাহিনী। মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন শক্তি ও ইসরায়েলের আতঙ্ক হয়ে উঠেছিলেন এই ইরানি জেনারেল। এ ছাড়া সিরিয়া যুদ্ধে আসাদ সরকারকে সহায়তা ও আইএস নিধনে ভূমিকা রাখেন তিনি।

ওই হামলায় সোলেইমানিসহ নিহত হন অন্তত ১০ জন। নিহতদের মধ্যে রয়েছেন ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই হামলা চালানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত