ডিএসসিসি নির্বাচন

তাপসের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ইশরাকের

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ০২:০৭ এএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন। গতকাল বুধবার এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ ডিএসসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেনের কার্যালয়ে জমা দিয়েছেন তিনি।

এতে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের প্রচার শুরুর আগেই গত পাঁচ জানুয়ারি থেকে ডিএসসিসির নির্বাচনী এলাকায় (সাতমসজিদ রোড, জিগাতলা ও মতিঝিল) রঙিন ও সাদাকালো পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ফজলে নূর তাপস। যা সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬-এর বিধি ৫-এর সুস্পষ্ট লঙ্ঘন। সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ অনুযায়ী কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের পূর্বে কোনো প্রকার প্রচার শুরু করতে পারবে না। অভিযোগ বিবেচনায় নিয়ে শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সব প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড এবং অবাধ ও সুষ্ঠু পরিবেশ তৈরিরও অনুরোধ জানান ইশরাক হোসেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ বৃহস্পতিবার। আগামীকাল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ করা হবে আগামী ৩০ জানুয়ারি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত