বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসায় শিক্ষক প্রার্থীদের জন্য সুখবর আসছে। দেশের ৬০৪টি স্কুল ও মাদ্রাসায় ১ হাজার ১৯৯টি পদে শিক্ষক নিয়োগ দিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্র্তৃপক্ষ (এনটিআরসিএ)। যাতে আবেদন করতে পারবেন ৩৫ বছর বা ৩৫ বছর বয়সের কম ১ থেকে ১৫তম নিবন্ধনে উত্তীর্ণ সব প্রার্থী। একই সঙ্গে ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায়
যারা অংশ নিয়েছেন তাদেরও ফল প্রকাশ করা হবে ফেব্রুয়ারিতে। যাদেরকে পরবর্তী মাসের মধ্যেই নিয়োগে ব্যবস্থা করা হবে বলে এনটিআরসিএ সূত্রে জানা গেছে।
গত ৭ জানুয়ারি এনটিআরসিএ গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানিয়েছে, সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) চাহিদার ভিত্তিতে সাধারণ শিক্ষা ধারার ৬০৪টি মাধ্যমিক বিদ্যালয় এবং দাখিল মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালু করতে ১ হাজার ১৯৯টি শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট বিষয়ে নিবন্ধিতরা ১০টি পদে নিয়োগের আবেদন করতে পারবেন। পদগুলো হলোÑ ফুড প্রসেসিং, সিভিল কনস্ট্রাকশন, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, জেনারেল ইলেকট্রনিকস ওয়ার্কস, ড্রেস মেকিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, জেনারেল মেকানিকস, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং এবং ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন। জানা গেছে, জনবল কাঠামো সংশোধন করে এসব পদের শিক্ষকদের এমপিওভুক্ত করা হবে। ইতিমধ্যে এসব পদে নিয়োগে সম্মতি জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
১৫তম নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের সঙ্গে সঙ্গে উত্তীর্ণরাও এই বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত প্রার্থীদের বয়স ৩৫ বছরের কম হতে হবে। ফলে ৩৫ বা ৩৫ বছরের কম ১ থেকে ১৫তম নিবন্ধনের উত্তীর্ণরা নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে গত ৮ জানুয়ারি থেকে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত। যদিও ১৫তম নিবন্ধনের চূড়ান্ত ফল এখনো প্রকাশ করা হয়নি। আগামী ১৫ জানুয়ারি এর ফল প্রকাশ করা হতে পারে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন এনটিআরএ চেয়ারম্যান এস এম আশফাক হুসেন।
গতকাল বুধবার তিনি বলেন, ‘১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার মৌখিক পরীক্ষা গত ৫ জানুয়ারি শেষ হয়েছে। বর্তমানে চূড়ান্ত ফলাফল তৈরির কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে এ কাজের অনেক অগ্রগতি হয়েছে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হতে পারে। ফল প্রকাশ করার পরই এই পরীক্ষায় উত্তীর্ণরা নতুন নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।’ ১৬তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল ফেব্রুয়ারিতে
১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল আগামী ফেব্রুয়ারি মাসে প্রকাশ করা হতে পারে বলে এনটিআরসিএ চেয়ারম্যান এস এম আশফাক হুসেন দেশ রূপান্তরকে জানিয়েছেন। তিনি বলেন, ‘আগামী ফেব্রুয়ারি মাসে ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করার চিন্তাভাবনা করা হচ্ছে। ফলাফল তৈরির কাজ শুরু করা হয়েছে। এ সময়ের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে মৌখিক পরীক্ষা শুরু করা হতে পারে।’ চেয়ারম্যান আরও বলেন, ‘১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা দেখে ইতিমধ্যে পরীক্ষকরা নম্বর জমা দিয়েছেন। সেই নম্বর টেবুলেশন শিট তুলে তা কম্পিউটারে রান করা হচ্ছে। তারপর ফল পাওয়া যাবে। কিন্তু এই মুহূর্তে এনটিআরসিএ কর্মকর্তারা ১৫তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশের কাজ করছেন। ফলে এই লিখিত পরীক্ষার ফল ফেব্রুয়ারি মাসে প্রকাশ করা হতে পারে।’
পরবর্তীতে নিয়োগ আবার কবে দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা চাই নিবন্ধিত সবাই দ্রুতই চাকরি পেয়ে কর্মজীবন শুরু করুক। এ লক্ষ্যেই কাজ করছি। চেষ্টা আছে পরবর্তী মাসেই আবারও নিয়োগ প্রক্রিয়া শুরু করার।’
প্রসঙ্গত, গত বছরের ১৫ নভেম্বর থেকে ১৫তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষায় স্কুল ও কলেজ প্রার্থী ছিলেন ১৩ হাজার ৩৪৫ জন। এর মধ্যে স্কুল পর্যায়ে ১০ হাজার ৯৬৮ জন, স্কুল-২ পর্যায়ে ৭৭০ জন এবং কলেজ পর্যায়ে ১ হাজার ৬০৭ জন প্রার্থী অংশ নেন।
গত বছরের ১৫ ও ১৬ নভেম্বর ১৬তম নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাতে ২ লাখ ২৮ হাজার ৪৪২ জন প্রার্থী অংশ নেন। এর আগে গত বছরের ৩০ সেপ্টেম্বর এর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ।
