দীপিকার নাম ভুল করে বিপদে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

বিজেপির সমর্থনপুষ্ট ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) সশস্ত্র আক্রমণের শিকার হন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) শিক্ষার্থীরা। এই হামলার প্রতিবাদ জানাতে তাদের পাশে গিয়ে দাঁড়ান দীপিকা পাডুকোন।

দীপিকার এমন সাহসী পদক্ষেপে সবাই দীপিকার প্রশংসায় পঞ্চমুখ। এদিকে দীপিকার এই সাহসী পদক্ষেপকে সমর্থন জানাতে গিয়ে বিপদেই পড়লেন পাকিস্তানি সেনা মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পড়লেন বেকায়দায়। শেষ পর্যন্ত টুইট মুছে ফেলতে বাধ্য হন আসিফ।

এবিভিপির সশস্ত্র আক্রমণের পর জেএনইউর শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো দীপিকার সমর্থনে টুইটারে হ্যাশট্যাগ দিতে গিয়ে দীপিকা পাড়ুকোনের নামের ‘পাডুকোন’ অংশের বানান ভুল করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ গফুরকে নিয়ে হাসির হুল্লোড় পড়ে যায়। মূলত নাম ভুলের কারণেই শেষ পর্যন্ত টুইটটি মুছে ফেলতে বাধ্য হন আসিফ।

গত মঙ্গলবার সন্ধ্যায় জেএনইউর আন্দোলনরত আক্রান্ত বামপন্থী ছাত্রসংগঠনের সভানেত্রী ঐশী ঘোষের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন দীপিকা। ছাত্রদের সঙ্গে দেখা করতে মঙ্গলবার সন্ধ্যায় জেএনইউতে যান দীপিকা। দীপিকার জেএনইউ সফরের প্রশংসা করে বুধবার আসিফ গাফুর লেখেন, ‘ছাত্র-যুবদের পাশে দাঁড়ানোর জন্য দীপিকা আপনাকে সালাম। কঠিন সময় সাহসিকতার প্রমাণ দিয়ে নিজেকে শ্রদ্ধার আসনে বসিয়েছেন আপনি। সবার ওপরে থাকুক মানবিকতা।’

এদিকে দীপিকার নাম ভুল করার কারণে টুইট সরিয়ে ফেললেও অনেকেই আসিফ গফুরের ভুল বানানের টুইটটির স্ক্রিনশট নিয়ে রাখেন। আর তা দিয়েই হাসি তামাশা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত