আশুলিয়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির অভিযোগে দুইটি বেকারীকে ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৪ এর একটি ভ্রাম্যমাণ আদালত।
এ সময় জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় একটি বেকারীর ২ জনকে আটক করা হয়। জব্দ করা হয় প্রায় ২ লাখ টাকা সমমূল্যের নিম্নমানের বেকারী পণ্য।
বৃহস্পতিবার সকাল ১০টা বিকেল ০৪টা পর্যন্ত আশুলিয়ার উত্তর গাজিরচট ইউনিক ও বগাবাড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিপিসি-২, র্যাব-৪ এর মেজর শিবলী মোস্তফা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান।
আশুলিয়ার উত্তর গাজিরচট বগাবাড়ি বাজার এলাকার আল-আমিন বেকারীকে ৫ লাখ টাকা ও ইউনিক এলাকার মালিক ভরসা বেকারী ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আটকেরা হলেন- বগাবাড়ি বাজার এলাকার আল আমিন বেকারীর মালিক বিল্লাল হোসেনের ভাই আলাউদ্দিন (৩০) ও ম্যানেজার আনারুল (৩২)।
র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান বলেন, দীর্ঘ দিন ধরে বগাবাড়ি বাজারের আল আমিন বেকারী ও ইউনিকের মালিক ভরসা বেকারী নামে দুটি প্রতিষ্ঠান অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট ও কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বেকারী দুটিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুইটি বেকারী ফ্যাক্টরিকে ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় একটি বেকারীর ২ জনকে আটক ও প্রায় ২ লাখ টাকা সমমূল্যের নিম্নমানের বেকারী পণ্য জব্দ করা হয়।
