আওয়ামী লীগের আট বিভাগের সাংগঠনিক রাজনীতি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে চার যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের। সাংগঠনিক সম্পাদকের খালি থাকা একটি পদে সাবেক ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন শফিককে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়য়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে
বলা হয়, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে সিলেট ও চট্টগ্রাম বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। এই দুই বিভাগের মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হলেন আহমদ হোসেন ও শাখাওয়াত হোসেন শফিক। ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনিকে। এ দুই বিভাগের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও শফিউল আলম চৌধুরী নাদেলকে।
যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদকে রাজশাহী ও রংপুর বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। এ দুই বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও এস এম কামাল হোসেনকে। খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে। খুলনা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হককে এবং বরিশাল বিভাগে আফজাল হোসেনকে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২১তম সম্মেলনের কাউন্সিলরদের ক্ষমতাবলে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সাবেক ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন শফিককে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দিয়েছেন। শফিক রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন।
