প্রথম দুই সন্তানকে গর্ভেই হারিয়েছিলেন কাজল

আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ১২:৫২ পিএম

দুই সন্তান নাইসা-যুগ ও স্বামী অজয় দেবগণকে নিয়ে কাজলের সুখের সংসার। কিন্তু এই দম্পতি অনেক কঠিন সময়ের মধ্যে দিয়েও গেছেন। ‘কাভি খুশি কাভি গাম’ ছবির সময় কাজল তার গর্ভস্থ প্রথম সন্তানকে হারিয়েছিলেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ‘হিউম্যানস অব বম্বে’ নামের সোশ্যাল মিডিয়া পেজে প্রকাশ হয়েছে কাজল ও অজয় দেবগণের সম্পর্ক নিয়ে একটি নাতিদীর্ঘ লেখা। সেখানে অভিনেত্রী প্রেমের শুরুর দিকের গল্প থেকেই শুরু করেছেন। আর দুজনের কিছু কিছু কঠিন সময়ের কথাও বলেছেন, সম্ভবত এই প্রথমবার।

কাজল জানান, অজয় দেবগণের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি বাবা কিছুতেই মানতে চাননি প্রথমে। এক সপ্তাহ প্রায় কথা বলেননি কাজলের সিদ্ধান্তটি শোনার পর। যদিও বিষয়টি সহজ হয়ে যায় অচিরে। তবে এই দম্পতির কাছে সবচেয়ে কঠিন ছিল প্রথম সন্তানকে হারানোর সময়টি।

কাজল বলেন, “তখন খুব খারাপ সময় কেটেছে। আমি হাসপাতালে অথচ ছবিটা সুপারহিট সেটাই একমাত্র আনন্দের বিষয় ছিল।” এর পর আরও একবার গর্ভস্থ সন্তানকে হারান অভিনেত্রী। পর পর দু’বার এমন ঘটনা নিঃসন্দেহে অভিনেত্রীর পক্ষে সহ্য করা খুবই কঠিন ছিল। কিন্তু কাজল ও অজয় দেবগণের সম্পর্কের ভিত খুবই মজবুত, সেটা বারবার উল্লেখ করেন অভিনেত্রী প্রায় সব সাক্ষাৎকারেই। তাই সব প্রতিকূলতা পেরিয়ে আসতে পেরেছেন দুজনে।

শুক্রবার মুক্তি পেল ‘তানাজি দ্য আনসাং ওয়ারিয়র’। এই ছবিতে প্রায় ১১ বছর পরে অন-স্ক্রিন দম্পতি হিসেবে দেখা গেল কাজল ও অজয় দেবগণকে। সঙ্গে আছেন সাইফ আলী খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত