সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক বিএনপি : কাদের

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ০৩:২৬ এএম

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রধান অন্তরায় সাম্প্রদায়িকতা। গতকাল শুক্রবার সকালে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় সাম্প্রদায়িকতা প্রধান অন্তরায়। আর এর পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছে বিএনপি। সাম্প্রদায়িকতার এই বিষবৃক্ষের মূলোৎপাটন করে শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।’

আওয়ামী লীগ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের এই দিনে দেশকে সাম্প্রদায়িকতা মুক্ত করাকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছে জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘আজকের এই দিনটি বাঙালি জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিনে আমরা আওয়ামী লীগকে আরও সুসংগঠিত, আদর্শিক ও শক্তিশালী দল হিসেবে গড়ে তুলব, এটাই হলো আমাদের ব্রত। সংগঠনকে শক্তিশালী করে গড়ে তোলার মধ্য দিয়ে সোনার বাংলা গড়তে ভূমিকা পালনই হবে আজকের দিনের শপথ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত