রাজধানীর আশকোনায় ফজলুল হক বিদ্যানিকেতন নামে একটি স্কুলে সন্ত্রাসীরা হামলা চালিয়ে নির্মাণাধীন পয়োনিষ্কাশন লাইন ও অন্যান্য সামগ্রী ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্কুল কর্তৃপক্ষের অভিযোগ- ‘বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর যুবলীগ নেতা সেলিম খানের শ্যালক হাসান বশরী ওরফে রায়হান এই হামলা চালিয়েছে। এ ঘটনায় দক্ষিণ থানায় মামলা করতে গেলেও পুলিশ অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে লিপিবদ্ধ করে।
স্কুলের প্রধান শিক্ষক বদরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, রায়হানের নেতৃত্বে একদল সন্ত্রাসী আশকোনা মেডিকেল রোডের ফজলুল হক বিদ্যানিকেতনে হামলা চালায়। এ সময় ছাত্র ও শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়ে। সন্ত্রাসীরা লোহার রড দিয়ে পয়োনিষ্কাশন লাইনসহ নির্মাণাধীন জিনিসপত্র ভাঙচুর করে।
তিনি আরও বলেন, স্কুলটির পাশেই রায়হানদের বাসা। তারা প্রতিদিন স্কুল চলাকালে বাসায় ইচ্ছাকৃতভাবে উচ্চ স্বরে গান বাজায়। এতে শিক্ষার্থীদের পড়ালেখার ব্যাঘাত ঘটে। সন্ত্রাসীরা স্কুলের উত্তর দিকের ফটক খুলতে প্রায়ই বাধা দেন। শ্রমিক বা স্কুলের কর্মচারী কাজ করতে গেলে তাদের মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। বিষয়টি পুলিশকে অবহিত করার পরও কোন ব্যবস্থা নেয়া হয়নি।
তিনি অভিযোগ করেন, রায়হান তার ভগ্নিপতি যুবলীগ নেতা সেলিম খানের প্রভাব খাঁটিয়ে গত কয়েক বছর ধরেই এসব অপকর্ম করে আসছে। মূলত তারা স্কুলের জায়গাটি দখল করার পাঁয়তারা করছে। হামলার ব্যাপারে থানায় মামলা করতে গেলে পুলিশ সাধারণ ডায়েরি (জিডি) নিয়েছে।
এ প্রসঙ্গে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার মো. শামীম হাসান বলেন, হামলার বিষয়টি তদন্ত করা হচ্ছে।
