মুজিব বর্ষে বিশেষভাবে সক্ষমদের জন্য আইসিটি বিভাগ থেকে একটি আধুনিক জব পোর্টাল চালু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি জানান, এই জব পোর্টালের মাধ্যমে বিশেষভাবে সক্ষম ব্যক্তি তার যোগ্যতা অনুযায়ী চাকরির আবেদন করতে পারবেন। অন্যদিকে বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠান ভিডিও কলের মাধ্যমে দেশের বা বিদেশের যে কোনো স্থান থেকে ইন্টারভিউ গ্রহণ করতে পারবে।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে এনজিও বিষয়ক ব্যুরোর মিলনায়তনে ‘প্রতিবন্ধীদের চাকরি মেলা-২০২০’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি এসব জানান।
তিনি বলেন, প্রতিবন্ধী ভাই-বোনেরা আমাদের সমাজেরই অংশ। তারা অনেক মেধাবী। তাদের বিষয়ে আরও সচেতন হতে হবে। তাদের ব্যক্তিগত সম্মান, সামাজিক মর্যাদা ও আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে হবে। তাহলেই তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিশেষভাবে সক্ষমদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে ‘প্রতিবন্ধী সুরক্ষা আইন’ প্রণয়নসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেছে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম আব্দুস সালাম এবং দেশীয় এনজিও সিএস আইডি এর নির্বাহী পরিচালক খন্দকার জহিরুল আলম ও প্রকল্প পরিচালক এনামুল কবির।
