প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে সাড়া ফেলে দিয়েছেন মার্কিন সিনেমা পরিচালক লি লোচলার। প্রেমিকাকে তার এই ‘প্রোপোকাল ভিডিও’ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
প্রেমিকা স্থুথি ডেভিডের প্রিয় সিনেমা ‘স্লিপিং বিউটি’র দৃশ্য সম্পাদনা করে বিয়ের প্রস্তাব দিয়ে তাকে বাকরুদ্ধ করে দিয়েছেন লোচলার।
টাইম ম্যাগাজিন জানায়, ছয় মাস ধরে ডিজনির বিখ্যাত অ্যানিমেশন সিনেমাটির একটি রোমান্টিক মুহূর্ত এডিট করেন লোচলার। যেখানে নায়ককে দেখা যায় আংটি হাতে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে।
নিজের টুইটার অ্যাকাউন্টে পুরো মুহূর্তটির ভিডিও শেয়ার করেছেন লোচলার। বিয়ের প্রস্তাব দেয়ার বিষয়টি প্রেমিকাকে আগ থেকে একটুও বুঝতে দেননি এই নির্মাতা।
একটি থিয়েটার রুমে বড় প্রজেক্টরে স্থুথির প্রিয় সিনেমাটি দেখছিলেন দুইজনে মিলে। অন্ধকার হলে অন্য দর্শকের মধ্যে ছিলেন দুই পরিবারের সদস্যরাও।
শত বছর ধরে ঘুমিয়ে থাকা রাজকন্যার ঘুম ভাঙিয়ে তার হাতে আংটি পরিয়ে দিতে এগিয়ে যায় এক সুদর্শন রাজকুমার। সেই দৃশ্যে আচমকা আংটিটি প্রজেক্টরের পর্দার বাইরে উড়ে আসে।
আর এদিকে সামনের সারিতে বসে থাকা লোচলার দাঁড়িয়ে মুঠোবন্দী করেন আংটিটি এবং সেটি এগিয়ে দেন প্রেমিকার দিকে।
প্রেমিকার চোখ তখনও সিনেমার সবচেয়ে রোমান্টিক দৃশ্যের দিকে আটকে। এর মধ্যে লোচলারের অবাক করা এই কাণ্ড কিছুই বুঝতে পারছিলেন না।
অল্প মুহূর্ত পর স্বাভাবিক হতেই দেখেন পেছনে বসে আছেন পরিচিত সব প্রিয় মুখ। এমন পরিস্থিতিতে খুশিতে বাকরুদ্ধ হয়ে যান তিনি।
লোচলার-স্থুথির প্রেমের এমন অসাধারণ মুহূর্ত লাখ লাখ মানুষ শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এটিকে ‘প্রোপোজাল অব দ্য ডিকেট’ বলেও আখ্যা দিয়েছেন অনেকে।
