ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর অ্যাডভোকেট আহমেদ আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গত শুক্রবার রাত পৌনে দুইটার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি পাঁচ মেয়ে ও চার ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুগ্রাহী রেখে গেছেন।
ছোট মেয়ে আইরিন আহমেদ জানিয়েছেন, আহমেদ আলীর প্রথম জানাজা তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাজলিয়া গ্রামে এবং বাদ আছর কুমিল্লা টাউন হল মাঠে দ্বিতীয় জানাজা শেষে নগরীর শাসনগাছা কবরস্থানে দাফন করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠার মাহেন্দ্রক্ষণে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব আহমেদ আলী।
১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের গণপরিষদ নির্বাচনে বৃহত্তর কুমিল্লা-৫ আসনের (বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-৫) এমএলএ নির্বাচিত হন তিনি; যা ১৯৭১ সালে এমসিএতে রূপান্তরিত হয়। ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নেন।
