রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইকবাল হোসেন নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন।
রবিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে লক্ষাধিক পিস ইয়াবা, নগদ দুই লাখ টাকা, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধারের কথা জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, কক্সবাজার থেকে ইয়াবার চালান আসছে এমন তথ্যের ভিত্তিতে মালিবাগ সোহাগ বাস কাউন্টারের সামনে অবস্থান নেয় র্যাব সদস্যরা। মাদক চোরাকারবারি চক্রটি বাস থেকে নেমে ইয়াবার চালানসহ একটি প্রাইভেটকারে উঠছিল।
এ সময় র্যাব সদস্যরা এগিয়ে গেলে চোরাকারবারি দলটি প্রাইভেটকারসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে একজন নিহত এবং দুজন আহত হন।
র্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, আহতদের মধ্যে একজন নিহতের স্ত্রী এবং অন্যজন শ্যালক। তার স্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী নিহতের নাম ইকবাল হোসেন।
তাদের কাছ থেকে লক্ষাধিক পিস ইয়াবা, বিদেশি পিস্তল-গুলি ও নগদ ২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
