বার্সেলোনার তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেসের ডান হাঁটুতে মারাত্মক এক চোট ধরা পড়েছে। রোববারই উরুগুয়ান এই ফুটবলারের হাঁটুতে অস্ত্রোপচার করানো হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে কাতালান ক্লাবটি।
গত শুক্রবার সৌদি আরবের জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে আতলেতিকো মাদ্রিদের কাছে ৩-২ গোলে হারে বার্সেলোনা। ম্যাচটির পুরোটা সময়ই খেলেছিলেন সুয়ারেস। ম্যাচ শেষে তার হাঁটুতে চোট ধরা পড়ে।
বরাবরের মতো এবারের মৌসুমেও দারুণ ফর্মে আছেন সুয়ারেস। সব ধরনের প্রতিযোগিতায় ২৩ ম্যাচে করেছেন ১৪ গোল। এর মধ্যে ১১টি গোল করেছেন লা লিগায়; তিনটি গোল করেন চ্যাম্পিয়নস লিগে। তাছাড়া লা লিগায় সাতটি গোলে অবদানও রাখেন ৩২ বছর বয়সী এই ফুটবলার।
