পাকিস্তান ভ্রমণে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কানাডার পর্যটক ও জনপ্রিয় মডেল রোজি গ্যাব্রিয়েল।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ধর্ম পরিবর্তনের এই ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, ‘এখন আমি মুসলিম। কালিমা শাহাদতের মাধ্যমে আমি আল্লাহর প্রতি নিজেকে উৎসর্গ করলাম। এর মাধ্যমে মূলত একত্ববাদ, সংযোগ এবং শান্তির পথে জীবন কাটানোর শপথ নিয়েছি।’
পাকিস্তানের জিও টিভি জানায়, পাকিস্তানে ঘুরতে এসে কিছুদিন থাকার পর ইসলাম ধর্মের প্রতি অনুরক্ত হয়ে পড়েন রোজি।
ফেসবুক ও ইনস্টাগ্রামের ভেরিফায়েড পেজে তিনি নিজেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। সেখানে এক পোস্টে মাথায় ওড়না ও সালোয়ার কামিজ পরিহিত অবস্থায় দেখা যায় রোজিকে।
হাস্যোজ্জ্বল সেই ছবিতে দেখা যায়, তার হাতে বিখ্যাত মুসলিম পণ্ডিত মোহাম্মদ আসাদের ‘দ্য ম্যাসেজ অব কোরআন’ বইটি। এটি মূলত মুসলিমদের ধর্মীয় গ্রন্থ কোরআনের অনুবাদ গ্রন্থ। আসাদ কর্তৃক কোরআনের এই অনুবাদ বিশ্বব্যাপী সমাদৃত ও বহুল পঠিত।
কেন মুসলিম হয়েছেন এর ব্যাখ্যা দিয়ে ওই পোস্টে কানাডীয় মডেল লিখেন, ‘২০১৯ সাল ছিল আমার জীবনের অন্যতম কঠিনতম সময়। অল্প বয়স থেকেই সৃষ্টিকর্তা আর তার সৃষ্টি নিয়ে ভাবতাম। সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক অনুভব করতাম। কিন্তু আমার পথ কঠিন ছিল। কষ্ট পেলে ক্ষোভ থেকে সৃষ্টিকর্তাকে প্রশ্ন করতাম, কেন তিনি আমাকে কষ্ট দিচ্ছেন। শেষ পর্যন্ত আমি বুঝতে পেরেছি সবকিছুই নির্ধারিত, এমনকি আমার কষ্টগুলো আসলে তার দেয়া উপহার।’
তিনি আরও বলেন, ‘চার বছর আগে ধর্ম বিষয়ে এই আগ্রহ আমি হারিয়ে ফেলেছিলাম। আমি তখন আমার পূর্বের ধর্মের সমালোচনা করতে থাকি। তবে একপর্যায়ে আমি আধ্যাত্মিকতার গভীরে প্রবেশ করলাম। এভাবেই ইসলামের দিকে আমার যাত্রা শুরু হয়। সৃষ্টিকর্তাই আমাকে পাকিস্তানে নিয়ে এসেছেন। আমার সেসব বেদনা ও অহংকার দূর করে দিয়েছেন এবং আমাকে সত্যের পথ দেখিয়েছেন।’
রোজি বলেন, ‘তবে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে, বিশ্বজুড়ে ইসলামকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়। ইসলামের আসল অর্থ শান্তি, ভালোবাসা এবং একত্ববাদ। এটা শুধু ধর্ম নয়, একটি জীবন বিধানও।’
এদিকে রোজির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অসংখ্য নেটিজেন। টুইটারে এক পোস্টে পাক অভিনেত্রী ভিনা মালিকও শুভেচ্ছা জানিয়েছেন রোজিকে।
কানাডীয় মডেলের পোস্ট ইতিমধ্যে ভাইরাল হয়ে পড়েছে। ফেসবুক পোস্টটিতে রিয়েকশন পড়েছে ৬৪ হাজার, শেয়ার হয়েছে ২১ হাজার, কমেন্ট পড়েছে ২০ হাজার। এ ছাড়া ইনস্টাগ্রাম পোস্টটিতে রিয়েকশন পড়েছে এক লাখ ২৫ হাজারেরও বেশি।
