নতুনদের সুযোগ দিতে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চান না​ মাশরাফী

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১০:৪২ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কেন্দ্রীয় চুক্তিতে থাকছে না ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার নাম। মাশরাফী নিজেই তার নাম রাখার অনুরোধ জানিয়েছে বিসিবিকে।

মাশরাফীর সেই অনুরোধ রেখেই বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি হচ্ছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

রবিবার মিরপুরে বিসিবির বোর্ড সভায় পাকিস্তান সফর, ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়। সভা শেষে বিসিবি সভাপতি জানান, ‘কেন্দ্রীয় চুক্তির ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে- মাশরাফী চুক্তিতে তাকে না রাখার কথা বলেছে।’

কারণ হিসেবে মাশরাফী নতুনদের সুযোগ দেওয়ার কথা বলেছেন বলে জানান বিসিবি সভাপতি, ‘সে খেলার মধ্যে আছে কিন্তু কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চায় না। ও এর জন্য যে কারণ বলেছে, ও না থাকলে ওর জায়গায় নতুন একজন খেলোয়াড় সুযোগ পাবে। আমরা এটা গ্রহণ করেছি। তাই কেন্দ্রীয় চুক্তি যেটা আসছে সেটায় হয়তো মাশরাফীর নাম থাকছে না।’

বিসিবির সর্বশেষ চুক্তিতে মাসে ৪ লাখ ২০ হাজার টাকা পেতেন মাশরাফী। কেন্দ্রীয় চুক্তিতে থাকলে না খেলেও বেতনের নিশ্চয়তা ছিল। কিন্তু মাশরাফী সেটি চান না​।

সর্বশেষ বিশ্বকাপের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন মাশরাফী। অবশ্য বাংলাদেশ বিশ্বকাপের পর ওয়ানডে খেলেছে কেবল এক সিরিজে। শুধুমাত্র ওয়ানডে খেলা মাশরাফী শ্রীলঙ্কা সফরে সেই সিরিজে খেলতে পারেননি ইনজুরির কারণে।

এদিকে বিশ্বকাপ থেকেই মাশরাফীর অবসর নিয়ে গুঞ্জন ছিল। নিজের শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন এটা মুখে বললেও জাতীয় দল থেকে অবসর নিয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেননি কখনো।

সামনে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ। সেই সিরিজে টেস্ট ও টি-টোয়েন্টি হওয়ার কথা এফটিপি অনুযায়ী। তবে টি-টোয়েন্টির সংখ্যা কমিয়ে ওয়ানডে হওয়ারও সম্ভাবনা রয়েছে। মাশরাফী কি সেই সিরিজে খেলবেন?

এর আগে গেল বছর মাশরাফীর বিদায় উপলক্ষে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে আয়োজন নিয়েও ব্যাপক আলোচনা হয়েছিল। তবে মাশরাফী বিসিবির কাছ থেকে অবসর ভাবনা নিয়ে সময় চেয়ে নেন। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেও আর আয়োজন হয়নি।

আর গত শুক্রবার নিজের অবসর নিয়ে অনেকটা অভিমানী মাশরাফীকেই পাওয়া গেছে। যিনি বলেছেন, সবাই মিলে আমাকে অবসরে পাঠিয়ে দিয়েছে। তবে সুযোগ পেলে জিম্বাবুয়ের বিপক্ষে খেলার ইচ্ছের কথাও জানান।

বিসিবি সভাপতি এদিন মাশরাফীর বিদায় নিয়েও কথা বলেছেন। তার ভাবনা, ‘ওর জন্য তো ফেয়ারওয়েল ঠিক আছে। আমরা ওকে এমন ফেয়ারওয়েল দিতে চাই, যা অতীতে কেউ পায়নি। কিন্তু পত্র-পত্রিকা দেখে যা বুঝছি, তাতে তো ও ঘটা করে ফেয়ারওয়েল চায় না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত