ধর্ষণ থেকে বাঁচতে তিনতলা থেকে লাফ দিয়েছিলেন আরতি

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ০৬:২৯ পিএম

কিশোর বয়সে ধর্ষণ থেকে বাঁচতে তিনতলা থেকে লাফ দিয়েছিলেন বিগ বস ১৩ এর প্রতিযোগী আরতি সিং।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সম্প্রতি বিগ বসের একটি পর্বে আরতি সিং তার জীবনে এই ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনান। দর্শক থেকে শুরু করে বিনোদন জগতের সবাই রীতিমতো শিউরে উঠেছেন এতে।

আরতি জানান, তিনি যখন কিশোরী, তখন বাড়ির কাজের লোক তাকে ধর্ষণ করতে আসে। তখন নিজেকে বাঁচাতে তিনতলা থেকে ঝাঁপ দিয়েছিলেন তিনি।

বিগ বসের এই প্রতিযোগী আরও জানান, তিনি ছোটবেলায় লখনউতে বড় হয়েছেন। ওই শহরের মানুষ এমনিতেই একটু তাড়াতাড়ি ঘুমোতে যায়। একদিন আরতি তার নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। ওই সময় বাড়ির কাজের লোক ঘরে ঢুকে তাকে ধর্ষণ করার চেষ্টা করে। কিন্তু কিশোরী আরতি দেহের সব শক্তি প্রয়োগ করে ওই ব্যক্তির হাত থেকে নিজেকে বাঁচাতে সক্ষম হন।

তিনি বলেন, ‘আমি অনেক কষ্ট করে নিজেকে ওর হাত থেকে ছাড়াতে পেরেছিলাম। তারপর তিনতলা থেকে ঝাঁপ দিই। আমি সেইদিন বুঝেছিলাম আমি কতটা শক্তিশালী… আমি মা মা বলে চিৎকার করতে করতে রাস্তা দিয়ে ছুটছিলাম সেদিন। আমার জীবনের প্রথম জঘন্য অভিজ্ঞতা ছিল সেটা।’

আরতির ছোটবেলার এই ঘটনাটির কথা জেনে বাকরুদ্ধ হয়ে পড়েন বিনোদন জগতের তারকারা। অনেকেই তার প্রতি সহানুভূতি প্রকাশ করেন, সেইসঙ্গে তার সাহসের প্রশংসা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত