শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান নিয়ে প্রশ্ন আছে। শুধু তাই নয়, কারও কারও বিরুদ্ধে সার্টিফিকেট বাণিজ্যেরও অভিযোগ রয়েছে। তাদের এই বাণিজ্য বন্ধে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।’
গতকাল সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে সরকারি দলের নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মন্ত্রী বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি প্রোগ্রামের জন্য ক্রেডিট আওয়ার ও সেমিস্টার আগে থেকে নির্ধারণ করার মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক আসনের ভিত্তিতে ছাত্র-ছাত্রী ভর্তি করায় শিক্ষার নামে সার্টিফিকেট বাণিজ্য বহুলাংশে বন্ধ হয়েছে। অসাধু চক্রের যোগসাজশে পরিচালিত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আউটার ক্যাম্পাস বন্ধ করা হয়েছে এবং অননুমোদিত ক্যাম্পাস বন্ধের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। দূরশিক্ষণ কার্যক্রম বন্ধ করা হয়েছে।’
