পার্বতীপুর উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর ও পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কার্যালয়ে ‘রহস্যজনক’ চুরির ঘটনা ঘটেছে। গত শুক্র থেকে শনিবার রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
দুদিনের সাপ্তাহিক ছুটি শেষে গত রবিবার সকালে অফিস খোলা হলে চুরির ঘটনাটি নজরে আসে। পার্বতীপুর মডেল থানায় অধিদপ্তরের পক্ষ থেকে করা জিডিতে ‘গুরুত্বপূর্ণ নথিপত্র ও ইলেকট্রনিকস সামগ্রী খোয়া গেছে’ উল্লেখ করা হয়।
গত ২ জানুয়ারি দেশ রূপান্তর পত্রিকায় ‘মাতৃত্বকালীন ভাতা আত্মসাৎ : পার্বতীপুরে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি’ শিরোনামে ওই দপ্তরের বিভিন্ন প্রকল্পের কাজে নানা অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশিত হয়। নথিপত্র চুরির ঘটনাটিকে রহস্যজনক বলে মনে করছেন অনেকে।
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা আমিনুর রহমান জানান, তার অফিসের জানালা ভেঙে প্রায় এক লাখ টাকার মালামাল চুরি হয়। তবে পার্বতীপুর উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা পার্বতীপুর মডেল থানায় গত ১২ জানুয়ারি করা জিডিতে ‘বিশেষ ভাবে’ উল্লেখ করেন যে, তার অফিস থেকে গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাগজপত্র ছাড়াও কিছু ইলেকট্রনিকস সামগ্রী চুরি হয়েছে।
