বাংলাদেশ নিয়ে বিভ্রান্তিকর পোস্ট

নিঃশর্ত ক্ষমা চাইল অ্যামনেস্টি

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ০২:৫০ এএম

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ধ্বংসযজ্ঞের ছবি দিয়ে বাংলাদেশের নাম ব্যবহার করে ফেইসবুকে পোস্ট দেওয়ার জন্য ক্ষমা চেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গতকাল মঙ্গলবার সংস্থাটির ফেইসবুক পাতায় নতুন এক পোস্ট দিয়ে ওই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করা হয়।

ফেইসবুকে দেওয়া নতুন পোস্টে বলা হয়, ‘সংঘাত ও যুদ্ধময় দেশ, যেখানে মানুষ আক্রমণ, সংঘাত ও মৃত্যুর মুখোমুখি হচ্ছে ফেইসবুক বিজ্ঞাপনে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় ক্ষমা চাচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আমরা এই ভুলের জন্য বাংলাদেশের জনগণের এবং যারা এর মাধ্যমে মর্মাহত হয়েছেন, তাদের কাছে নিঃশর্ত ক্ষমা চাচ্ছি।’

এর আগে গত শুক্রবার যুদ্ধ ও সংঘাতময় দেশে মানুষের আক্রান্ত, সংঘাত ও মৃত্যুর মুখোমুখি হওয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ফেইসবুকে একটি পোস্ট দিয়েছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশাল। শুধু বাংলাদেশের নাম উল্লেখ করে দেওয়া ওই পোস্টে সিরিয়ার একটি যুদ্ধবিধ্বস্ত এলাকার ছবি সংযুক্ত করা হয়। ওই পোস্টে লেখা হয়, ‘বাংলাদেশ এবং পৃথিবীর অন্যান্য জায়গায় নিরপরাধ মানুষ আক্রমণের শিকার, সংঘাত ও মৃত্যুর মুখোমুখি হচ্ছে কেবলমাত্র ভুল সময়ে ভুল জায়গায় থাকার কারণে। যুদ্ধ ও সংঘাতের সময় ভয়ংকর নির্যাতনকে তুলে ধরতে আমরা সংগ্রাম করছি। এ ধরনের গল্প শোনানোর জন্য হাজার হাজার মানুষের সঙ্গে আন্দোলনে যোগ দিন।’

অ্যামনেস্টির এই পোস্টের কমেন্ট বক্সে তাদের এমন বক্তব্যকে ‘বিভ্রান্তিকর ও মিথ্যা’ অভিহিত করে মতামত দেন বাংলাদেশি অনেক ফেইসবুক ব্যবহারকারী। গত শুক্রবার পোস্ট দেওয়ার কিছু সময় পর থেকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ফেইসবুক পাতায় বাংলাদেশ থেকে সেটি দেখা যাচ্ছিল না।

পরে মঙ্গলবার রাতে আরেকটি ফেইসবুক পোস্টের মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চায় সংস্থাটি।

সেখানে আরও লেখা হয়, ‘আমরা স্বীকার করছি বাংলাদেশ যুদ্ধ ও সংঘাতময় দেশের মধ্যে নেই। অধিকন্তু তারা মিয়ানমারে মানবতাবিরোধী অপরাধের শিকার প্রায় ১০ লাখ মানুষকে আশ্রয় দিয়েছে।’

ওই পোস্টটি সংশোধনের পাশাপাশি ভবিষ্যতে এমন পোস্টের ক্ষেত্রে আরও যাচাই-বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয় মঙ্গলবারের পোস্টে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত