ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে গ্যালারিতে নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদ

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ১০:৩০ এএম

আগে থেকে আঁচ পাওয়া গেয়েছিল ম্যাচটিতে ভারতের নাগরিকত্ব আইনের প্রতিবাদ উঠবে গ্যালারিতে। তাই দর্শকদের দেওয়া হয়েছিল অনেক বিধি নিষেধ। এর কোনোটাই কাজে এল না। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডেতে ঠিকই সিএএ, এনআরসি, এনপিআর নিয়ে প্রতিবাদ জানাল দর্শকরা।

কালো পতাকা তো বটেই, এমনকি চলবে না কালো টি-শার্ট, কালো টুপি বা কালো স্কার্ফ। হঠাৎ এমনই নির্দেশে বিপদে পড়লেন ওয়াংখেড়েতে খেলা দেখতে আসা অনেক ক্রীড়াপ্রেমী। এই সিদ্ধান্তের কারণ, কালো রঙের মাধ্যমে কেউ প্রতিবাদ করতে না পারেন।

তাতে কী। সিএএ, এনআরসি, এনপিআর-এর বিরুদ্ধে প্রতিবাদ আটকানো যায়নি। অনেক তরুণ ছেলেমেয়ে জামার ভিতরে ‘নো সিএএ, এনআরসি’ লেখা টি-শার্ট পরে গিয়েছিলেন। তারা রীতিমতো স্লোগান তুলে নিজেদের জায়গা থেকেই প্রতিবাদ করেন। আবার এ রকম কয়েকজনকে গ্যালারি থেকে বের করে দেয় পুলিশ।

তবে কালো পোশাক বা কালো টুপি পরে যারা এসেছিলেন, তারা সোচ্চার হন সোশ্যাল মিডিয়ায়। এক সর্বভারতীয় পত্রিকার বিনোদন বিষয়ক লেখক খেলা দেখতে গিয়েছিলেন।

তিনি টুইট করেন, “আমি এখন ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এখানে কালো টি-শার্ট, কালো পতাকা, কালো টুপি, ব্যানার কিছু নিয়ে ঢুকতে দিচ্ছে না।” তিনিই পরে লেখেন, “আমার এক বন্ধু কালো টি-শার্ট পরে এসেছিল। ভারতের পতাকা জড়িয়ে নেওয়ায় ওকে পুলিশ ঢুকতে দিয়েছে।”

এদিকে, ম্যাচটিতে লজ্জাজনক এক হারে পুড়তে হয়েছে ভারতকে। অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হেরেছে বিরাট কোহলির দল!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত