মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যার অভিযোগ প্রশ্নে জরুরি পদক্ষেপ নেওয়া হবে কি না সে বিষয়ে জাতিসংঘের শীর্ষ আদালত আগামী ২৩ জানুয়ারি আদেশ দেবে। গতকাল বুধবার গাম্বিয়ার সরকার টুইটারে দেওয়া এক বার্তায় এ কথা জানায়। খবর এএফপির।
দ্য হেগে অবস্থিত ওই আদালতে মিয়ানমারের পক্ষে শুনানিতে অংশ নেন দেশটির বেসামরিক নেতা ও শান্তিতে নোবেল জয়ী অং সান সু চি যা অনেককে মর্মাহত করে। জাতিসংঘ পর্যবেক্ষকরা জানান, সেখানে সামরিক অভিযানের সময় ব্যাপক দমনপীড়ন, ধর্ষণ, অগ্নিসংযোগ ও গণহত্যা চালানোয় প্রায় ৭ লাখ ৪০ হাজার মানুষ দেশ থেকে পালিয়ে গিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।
গাম্বিয়ার আইন মন্ত্রণালয় বুধবার টুইটার বার্তায় জানায়, আইসিজে আগামী ২৩ জানুয়ারি বৃহস্পতিবার মিয়ানমারের ব্যাপারে জরুরি পদক্ষেপ নেওয়া প্রশ্নে তাদের সিদ্ধান্ত দেবে।
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ইসলামি সহযোগিতা সংস্থা, কানাডা ও নেদারল্যান্ডসের সহযোগিতায় ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে। ডিসেম্বরে অনুষ্ঠিত শুনানিতে গাম্বিয়া ইউএন জেনোসাইড কনভেনশন-১৯৪৮ ভঙ্গ করায় মিয়ানমারকে অভিযুক্ত করে এবং একই সঙ্গে এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধ ও গণহত্যার প্রমাণ নষ্ট করার সুযোগ না দেওয়ার লক্ষ্যে জরুরি পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানায়।
