রাজশাহীর বাঘায় স্কুলছাত্রী ভাগনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মামা নাজমুল হোসেনকে (২৫) কুপিয়ে হত্যা করেছে বখাটেরা। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সুলতানপুর গ্রামের ভোলার মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় তারিকুল ইসলাম ও শাহজাহান আলী মাস্টার নামে আরও দুজন আহত হয়েছেন। নাজমুল সুলতানপুর গ্রামের আলহাজ আজিজুর রহমানের ছেলে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হলেও উত্ত্যক্তকারীকে গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি।
এদিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে সৌদি প্রবাসীকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কুমিল্লার বরুড়ায় এক তরুণীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। লক্ষ্মীপুরে নাছরিন আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। ঝিনাইদহের মহেশপুর পলিয়ানপুর সীমান্তের ইছামতী নদী থেকে এক বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে
বাঘায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় মামা খুন : পুলিশ সূত্রে জানা যায়, শাহজাহান মাস্টার গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভোলার মোড়ে বসে ছিলেন। এ সময় পাশের উপজেলা নাটোরের লালপুরের মনিহারপুর গ্রামের একদল যুবক ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে শাহজাহান মাস্টারের ওপর হামলা করে। এ খবর পেয়ে তার শ্যালক নাজমুল হোসেন ও ছেলে তারিকুল ইসলাম সেখানে যায়। এ সময় ওই যুবকরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তিনজনকে জখম করে চলে যায়। পরে স্থানীয় লোকজন তারিকুল ও নাজমুলকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন। শাহজাহান মাস্টারকে ভর্তি করা হয় লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে।
আহত তারিকুল ইসলাম জানান, তার বোনকে বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করত লালপুরের মনিপুর গ্রামের আরজেদ আলীর ছেলে সুমন। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিয়ে সুমনের বাবার কাছে অভিযোগ করে তার বাবা (শাহজাহান)। এর জের ধরে সন্ধ্যায় সুমন দলবল নিয়ে তার বাবার ওপর হামলা চালানোর চেষ্টা করে। মুঠোফোনে খবর পেয়ে দ্রুত সেখানে গেলে তারা আমার মামা নাজমুলকে কুপিয়ে হত্যা করে। এ সময় বাধা দিতে গেলে তারা আমাকে ও আমার বাবাকে কুপিয়ে জখম করে চলে যায়।
এ ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহত নাজমুল হাসানের বাবা আজিজুর রহমান বাদী হয়ে সুমনকে প্রধান আসামি করে বাঘা থানায় এ মামলা করেন। এ ঘটনায় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, মামলায় সুলতানপুর গ্রামের আরজেদ আলীর ছেলে সুমনকে প্রধান আসামি করে ২৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় ২৩ জনের নাম উল্লেখ করে পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়। পুলিশ রাতেই অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে পাঁচজন এজাহারভুক্ত আসামি। তবে পলাতক রয়েছে মূল আসামি সুমন। তাকে ধরতে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।
উত্ত্যক্তের শিকার নবম শ্রেণির ওই ছাত্রী জানান, প্রায় সময়ই স্কুল ও প্রাইভেট পড়তে যাওয়ার সময় পথেঘাটে উত্ত্যক্ত করত বখাটে সুমন। সবশেষ মঙ্গলবার বিকেলে একই গ্রামের নানার বাড়ি থেকে নিজ বাসায় ফিরছিলেন তিনি। এ সময় খেলার মাঠের সামনে তার পথরোধ করে সুমন ও তার সহযোগীরা। তারা আজেবাজে কথাও বলে।
সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যা : রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে সৌদি প্রবাসীকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার নাম মাহমুদুল হক (৪৫)। গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জিনেরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। স্বজনদের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকান্ড হয়েছে।
নিহতের ভাই ছৈয়দুল হক অভিযোগ করে বলেন, জিনেরঘোনা এলাকায় কেনা জমি দেখাশোনা করে বাড়ি ফেরার পথে খুইল্যা মিয়া, সুলতান আহমদ, মোস্তফার নেতৃত্বে ১০-১৫ সন্ত্রাসী মাহমুদুল হককে হত্যা করে।
রামু থানার ওসি মো. আবুল খায়ের জানিয়েছেন, হত্যাকান্ডে জড়িতদের আটকের চেষ্টা চলছে। মাহমুদুল হক চার মাস আগে সৌদি আরব থেকে দেশে আসেন, এক সপ্তাহ পর আবার যাওয়ার কথা ছিল।
কুমিল্লায় তরুণীকে হত্যা : কুমিল্লার বরুড়ায় আমেনা আক্তার (২৫) নামে এক তরুণীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার বাড়ির অদূরে মাঠে শাক তুলতে গিয়েছিল সে। পরে খবর পেয়ে টমেটো ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। আমেনা খোশবাস (উঃ) ইউনিয়নের নবীপুর গ্রামের দিনমজুর আবদুল মাজেদ মিয়ার মেয়ে। গতকাল বুধবার লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বরুড়া থানার এসআই সত্যজিৎ ভৌমিক জানান, নিহতের গলায় দাগ, মুখে খড় ও ওড়না দ্বারা প্যাঁচানো ছিল এবং দেহের বিভিন্ন অংশে আঁচড় ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা আমেনা আক্তারকে শ্বাসরোধে হত্যা করে। বাবা আবদুল মাজেদ মিয়া বরুড়া থানায় হত্যামামলা দায়ের করেছেন।
বরুড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইকবাল বাহার মজুমদার জানান, আমেনা আক্তারের মরদেহের ময়নাতদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে। এছাড়া হত্যা মামলার প্রেক্ষিতে অধিকতর তদন্তের মাধ্যমে আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
লক্ষ্মীপুরে গৃহবধূকে গলা কেটে হত্যা : লক্ষ্মীপুরে নাছরিন আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। গতকাল বুধবার ভোর রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জের পশ্চিম লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাছরিন আক্তার ওই গ্রামের প্রবাস ফেরত ফারুক হোসেনের স্ত্রী ও দুই সন্তানের জননী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোরে বাড়ির বাইরে গেলে আগে থেকে ওতপেতে থাকা দুর্বৃত্তরা তার গলা কেটে পালিয়ে যায়। পরে চিৎকার শুনে স্বামী ও ছেলে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ছেলে নাইমুল ইসলাম ও স্বামী ফারুক অভিযোগ করে বলেন, নাছরিনের দেবর সুমনের সঙ্গে টাকা লেনদেনের বিষয় নিয়ে বাকবিতন্ডা লেগে থাকত। টাকা না দেওয়ার অভিযোগে তাকে গলা কেটে হত্যা করে সুমন। ছুরিকাঘাতের পর মৃত্যুর আগে তার নাম বলে যায় বলেও জানান তারা।
চন্দ্রগঞ্জ থানার ওসি জসিম উদ্দিন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পূর্বশত্রুতার জেরে কিংবা অন্য কোনো কারণে তাকে হত্যা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।
মহেশপুর সীমান্তের ইছামতী নদীতে যুবকের লাশ : ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের ইছামতী নদী থেকে হৃদয় হোসেন (২৫) নামে এক বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। হৃদয় হোসেন মহেশপুর উপজেলার পলিয়ানপুর গ্রামের সবুর আলীর ছেলে ।
ঝিনাইদহের কোটচাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক জানান, বুধবার সকালে মহেশপুরের পলিয়ানপুর সীমান্তের ইছামতী নদী থেকে এক বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সকালে নদীতে স্থানীয়রা ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে। হৃদয় হোসেন অবৈধভাবে ভারত থেকে ইছামতী নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
ঈশ্বরদীর পদ্মা নদী থেকে নারীর লাশ : ঈশ্বরদীর পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে পদ্মা নদীর মাজদিয়া স্কুলপাড়া ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওসি (তদন্ত) অরবিন্দ সরকার জানান, অন্য কোনো স্থানের লাশ পানিতে ভাসতে ভাসতে এখানে আসতে পারে। ওই নারীর বয়স আনুমানিক ৫০ বছর। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা মর্গে পাঠানো হয়েছে।
