নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণে গতকাল বুধবার সন্ধ্যায় মঞ্চায়িত হয়েছে দুই নাটক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ল্যাবে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা পরিবেশন করেন ‘সোহরাব রুস্তম’। এতে অভিনয় করেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৬তম সমাবর্তনের শিক্ষার্থীরা। মহাকবি ফেরদৌসী রচিত অমর মহাকাব্য শাহনামার কাহিনী অবলম্বনে ‘সোহরাব রুস্তম’ নাট্যরূপ দিয়েছেন ড. মো. আমিনুল ইসলাম। নির্দেশনা দিয়েছেন রেজা আরিফ। অন্যদিকে জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে বুধবার সন্ধ্যায় নাট্যসংগঠন স্বপ্নদল মঞ্চস্থ করেছে নাটক ‘ত্রিংশ শতাব্দী’। বাদল সরকারের মূল রচনা থেকে নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। স্বপ্নদলের তিন দিনব্যাপী সেলিম আল দীন স্মরণ উৎসবের অংশ হিসেবে এটি মঞ্চস্থ হয়।
বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবে তিন জেলার শিল্পীদের পরিবেশনা বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবের ১৩তম দিনে গতকাল বুধবার মঞ্চস্থ হয়েছে গাজীপুরের ঐতিহ্যবাহী লোকনাট্য ‘সোনাভানের পুঁথি’। এ ছাড়া কিশোরগঞ্জ, বাগেরহাট ও গাজীপুর জেলার শিল্পীরা পরিবেশন করেন নাচ, গানসহ নানা পরিবেশনা। বিকেল ৪টায় নন্দনমঞ্চে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। এরপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় অ্যাক্রোবেটিক প্রদর্শনী, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবেশনার পর মিনু হকের পরিচালনায় দুটি সমবেত নৃত্য পরিবেশন করে পল্লবী ডান্স থিয়েটার, বৃন্দ আবৃত্তি পরিবেশন করে ‘স্বরচিত্র’। কিশোরগঞ্জ জেলার শিল্পীরা তাদের পরিবেশনায় দুটি সমবেত সংগীত ও দলীয় নৃত্য পরিবেশন করেন। ৩ জানুয়ারি থেকে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চলছে ‘বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব’। ৬৪ জেলার শিল্পীরা অংশ নিচ্ছেন এই আয়োজনে। ২৩ জানুয়ারি পর্দা নামবে উৎসবের।
