রোনালদোর সঙ্গে দ্বৈরথ অবিস্মরণীয় হয়ে থাকবে: মেসি

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ১০:১৬ এএম

বর্তমান ফুটবলে ব্যক্তিগত পর্যায়ে তুলনা মানেই ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। তাদের মধ্যে কেউ কারও থেকে কম নয়। দু’জনের এই দ্বৈরথ বিশ্ব কখনো ভুলবে না বলে মনে করেন বার্সেলোনা অধিনায়ক মেসি।

২০১৮ সালে রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে নাম লেখানোর আগে প্রতি মৌসুমেই ব্যক্তিগত পর্যায়ে তার সঙ্গে বার্সেলোনা তারকা মেসির লড়াইটা দারুণ জমত। গোল করা ও শিরোপা জয়ে দু’জনের অবস্থান থাকত খুব কাছাকাছি। তাদের এই লড়াই উপভোগ্য বিশ্বজুড়েই।

রোনালদোর সঙ্গে নিজের এই দ্বৈরথ প্রসঙ্গে ইতালিয়ান এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, “এটা ছিল বিশেষ কিছু। এই দ্বৈরথ আজীবন স্মরণীয় হয়ে থাকবে। কেননা অনেক বছর ধরে লড়াইটা চলেছে। সর্বোচ্চ পর্যায়ে দীর্ঘ সময় ধরে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়াটা সহজ নয়।”

“তাছাড়া, আমরা যে দুটি ক্লাবে খেলেছিলাম- রিয়াল ও বার্সা দুটি ক্লাবেরই অনেক বেশি চাওয়া থাকে। দুটোই বিশ্বের সেরা ক্লাব।”

মাঠে দুজনের এই লড়াই ভক্ত-সমর্থকদের জন্য খুব উপভোগ্য ছিল বলে মনে করেন মেসি, “ব্যক্তিগত পর্যায়ে দুজনের খেলার লড়াইটা দারুণ ছিল। আমি মনে করি, রিয়ালের হোক বা বার্সেলোনার হোক ভক্তরা এটা উপভোগ করেছে। যারা এমনিতেই ফুটবল পছন্দ করে তারাও এটা উপভোগ করেছে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত