বরফের নিচে ১৮ ঘণ্টা আটকা থাকার পর কাশ্মীরের ১২ বছর বয়সী এক কিশোরীকে জীবিত উদ্ধার করা হয়েছে। পাকিস্তানশাসিত কাশ্মীরের এই কিশোরীর নাম সামিনা বিবি।
বার্তা সংস্থা রয়টার্সকে সে বলেছে হিমবাহ আঘাত করার পর নিজের বাড়িতেই একটি কক্ষের ভেতরে আটকা পড়ে।
বরফের নীচে সেই কক্ষে তৈরি হওয়া ট্র্যাপ বা ফাঁদে শুয়ে পড়েছিল সে।
কাশ্মীরের নিলম ভ্যালিতে বড় ধরনের তুষার আর ভূমিধসে সম্প্রতি মৃত্যু হয়েছে অন্তত ৭৪ জনের।
হিমালয়ের এই অঞ্চলটির আবহাওয়া দুর্যোগপ্রবণ এবং সাম্প্রতিক সময়ে এটাই কোনো ঘটনায় সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যুর রেকর্ড।
এবারের দুর্যোগে ভারতশাসিত কাশ্মীর ও আফগানিস্তানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে বেশি ক্ষতির শিকার হয়েছে পাকিস্তানশাসিত কাশ্মীর বিশেষ করে নিলম উপত্যকা এলাকা।
সামিনাকে উদ্ধার করা হয় বাকওয়ালী গ্রাম থেকে এবং পরে নেয়া হয় মুজাফফরাবাদের একটি হাসপাতালে।
তার মা শাহনাজ বিবি জানিয়েছেন, বরফের ধস যখন আঘাত হানে তখন পরিবারের সদস্যদের নিয়ে তাদের তিন তলা বাড়িতে গোল হয়ে আগুন পোহাচ্ছিলেন।
‘আমরা শব্দ শুনতে পাইনি। মূহুর্তের মধ্যেই সব ঘটে গেছে,’ বলছিলেন তিনি।
এমনকি মেয়েকে ফেরত পাবেন এমন আশাও ছেড়ে দিয়েছিলেন।
সামিনা বলছে, তার পা ভেঙ্গেছে এবং মুখ থেকে রক্তক্ষরণ হচ্ছিলো।
পুরো পাকিস্তান জুড়ে বরফধস আক্রান্ত এলাকাগুলোতে প্রায় একশ মানুষ মারা গেছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।A
