মৌসুমের প্রথম ডেঙ্গু আক্রান্তবিহীন দিন পার করল দেশ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ২৬ এপ্রিল চলতি মৌসুমে প্রথম ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়। এরপর থেকে বিরতিহীনভাবে ডেঙ্গু আক্রান্ত রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে আসছে। তবে গত বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেনি, যা গত ৯ মাসের মধ্যে এই প্রথম।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর এপ্রিল থেকে গতকাল (১৬ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ১ লাখ ১ হাজার ৫০৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। অধিদপ্তরের কাছে এখন পর্যন্ত ডেঙ্গু সন্দেহে ২৬৬ জনের মৃত্যুর তথ্য এসেছে। এর মধ্যে অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ২৪৯টি মৃত্যু পর্যালোচনা করে ১৫৬ জন ডেঙ্গুতে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক আয়েশা আক্তার জানান, গতকাল সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ২৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে রাজধানীতে ২৬ জন এবং রাজধানীর বাইরে ৩ জন। আর চলতি বছর ১ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত ১৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
