শতাধিক চালককে নিয়ে পাথওয়ের সচেতনতামূলক কার্যক্রম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ১১:০৬ পিএম

সড়ক নিরাপত্তা আইন ২০১৮ সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এবং সড়কে যানবাহন চালনা ও পথচারী নিরাপত্তা সম্পর্কে রিকশা, মোটরসাইকেল ও রাইড শেয়ারিং অ্যাপস এর চালকদের প্রশিক্ষণ দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ে।

শুক্রবার বিকেল ৫টায় রাজধানীর মিরপুর ৬ এ নিজ কার্যালয়ে দুই ঘন্টাব্যাপী প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র তারকা সাইমন সাদিক।

তিনি চালকদের উদ্দেশ্যে বলেন, আপনার জীবনই শুধু নয় আপনার পরিবারের কথা অন্যের পরিবারের কথা ভেবে চালক হিসেবে দক্ষতার পরিচয় দিতে হবে। দুর্ঘটনার পর অনেক সময় আপনারা আন্দোলনে নামেন। আমরা আন্দোলন চাই না, কোনো দুর্ঘটনা, মৃত্যু চাই না। কারণ আপনার দিকে তাকিয়ে যেমন একটি পরিবার তেমনি যিনি আপনার যানবাহনে বসে তার দিকেও তাকিয়ে অনেক মুখ। আমাদের সবাইকে ভাবতে হবে যে, সময়ের চেয়ে জীবনের গুরুত্ব মূল্য বেশি। কোনো অপমৃত্যু আমাদের কাম্য নয়।

কর্মশালার অংশগ্রহণকারীদের নতুন সড়ক নিরাপত্তা আইন ও সড়কে যানবাহন চালনা, যাত্রী-পথচারী নিরাপত্তার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইন্সটিটিউটের সহকারি অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ।

তিনি বলেন, দুর্ঘটনা তখনই বেশি ঘটে যখন সড়কে যানবাহন কম থাকে বা তুলনামূলক ফাঁকা থাকে। কারণ কে আগে বা পরে যাবে সে সম্পর্কে না জেনে যানবাহনের গতি বাড়িয়ে দিয়ে ঝুঁকি তৈরি করে। কোন যানবাহন জরুরি কোনটা কম জরুরি তা অধিকাংশ চালকই জানে না। নতুন নতুন যানবাহন সড়কে নামলেও চালকের মানসিকতা ও জ্ঞান সেকেলে।

তিনি বলেন, সড়কে দুর্ঘটনা শুধু চালকের কারণেই ঘটে না, পথচারি ও কখনো কখনো যাত্রীর বেপরোয়া মানসিকতার কারণেও ঘটে। তবে চালক হিসেবে দুর্ঘটনা এড়ানোর দায়টা বেশি। কারণ দুর্ঘটনা ঘটলে প্রথম দায় চাপানো হয় চালক-হেলপারের ওপরে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ড্রাইভার্স ট্রেনিং সেন্টারের মহাপরিচালক ট্রেইনিং (থিওরি এন্ড রোড) মো. মিজানুর রহমান, পাথওয়ে'র নির্বাহী পরিচালক মো. শাহিন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত