ঘরের মাঠে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জয় দিয়ে শুভসূচনা হলো না স্বাগতিকদের। ডি গ্রুপের ম্যাচে আফগানিস্তান যুব দল ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা যুব দলকে। লেগব্রেক স্পিনার শফিকুল্লাহ ঘাফারির ঘূর্ণিতেই কুপোকাত প্রোটিয়ারা। ৯.১ ওভারে মাত্র ১৫ রানে ৬ উইকেট নেন এ স্পিনার। আগে ব্যাট করে মাত্র ১২৯ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। জবাবে মাত্র ২৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩০ রান করে আফগান যুবারা।
কিম্বারলিতে টস জিতে আগে ব্যাট করে স্বাগতিকরা। কিন্তু ইনিংসে ছিল চরম ব্যাটিং ব্যর্থতা। মাত্র তিনজন তিন অঙ্কের ঘরে রান করেন। অধিনায়ক ব্রিস পারসনস ৪২ বলে ৪০, লুক বিফোর্ট ২৫ ও নিচের দিকে জেরাল্ড কোয়েৎজে ২৩ বলে ৩৮ করেন। শফিকুল্লাহর ৬ উইকেটে প্রথম ম্যাচেই ইনিংসে ৫ উইকেট দেখল টুর্নামেন্ট। এছাড়া ফজল হক ও চায়নাম্যান স্পিনার নূর আহমেদ ২টি করে উইকেট নেন। ব্যাটিংয়ে ইব্রাহিম জাদরান ও ইমরানের হাফসেঞ্চুরিতে সহজ জয় পায় আফগানরা। জাদরান ৭২ বলে ৫২ ও ইমরান ৪৮ বলে ৫৭ রান করেন।
