কর্র্তৃপক্ষের গাফিলতি

বিদ্যুতে প্রাণ গেল বিদ্যুতের টেকনিশিয়ানের

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ০৩:০৩ এএম

চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুৎস্পর্শে আলমগীর হোসেন (৫৫) নামে এক লাইন টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় বিদ্যুৎ লাইনে সংযোগ থাকা অবস্থায় খুঁটিতে কাজ করতে উঠলে এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর বারইয়ারহাট জোনাল অফিসের লাইন টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকার আছির উদ্দিন মোড়লের ছেলে।

জানা গেছে, সকালে মিরসরাই জোনাল অফিসের অধীনে সংস্কার কাজের জন্য লাইন টেকনিশিয়ান আলমগীর হোসেনসহ তিন টেকনিশিয়ান দক্ষিণ সোনাপাহাড় এলাকায় যান। এ সময় আলমগীর বিদ্যুৎ লাইন সংস্কারের জন্য খুঁটিতে উঠলে কর্র্তৃপক্ষ লাইন বন্ধ না করায় সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর মিরসরাই জোনাল অফিসের এজিএম (কম) শফিকুল ইসলাম বলেন, টেকনিশিয়ানরা ১১ হাজার কেভি লাইনের সংযোগ বন্ধের আবেদন না করায় সেটি বন্ধ করা হয়নি। জোরারগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম জানান, নিহতের স্ত্রী নাসিমা আক্তার একটি অপমৃত্যুর অভিযোগ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত