আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ রবিবার শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগতীরে দিল্লির মাওলানা জমশেদের পরিচালনায় বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে মোনাজাত হবে বলে জানিয়েছেন ইজতেমার মুরব্বি মাওলানা সৈয়দ ওয়াসিফুল ইসলাম।
গতকাল শনিবার তিনি আরও জানান, মোনাজাতে শরিক হতে বিভিন্ন এলাকা থেকে দলে দলে মুসল্লিরা আসছেন। মোনাজাতের আগ পর্যন্ত এ ঢল থাকবে। সবমিলে দেশ-বিদেশের ২৫ লাখ মানুষ মোনাজাতে শরিক হবেন।
গত শুক্রবার বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হয় ইজতেমার দ্বিতীয় পর্ব। এরপর দুদিন ধরে চলছে বয়ান। মুসল্লিরা সার্বক্ষণিক ইবাদত-বন্দেগিতে নিয়োজিত রয়েছেন। গতকাল তাবলিগের ৬ উসুলের (মৌলিক বিষয়) ওপর বাদ ফজর বয়ান দেন দিল্লির মাওলানা মুরসালিন। এরপর বাদ জোহর দিল্লির মাওলানা আব্দুস সাত্তার মেওয়াতী, বাদ আসর বাংলাদেশের মাওলানা মোশারফ এবং বাদ মাগরিব বয়ান করেন মাওলানা জমশেদ।
যৌতুকবিহীন বিয়ে : তিন বছর বন্ধ থাকার পর ইজতেমার দ্বিতীয় দিনে গতকাল বাদ আসর ১০ জোড়া বর-কনের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়। ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম জানান, পারস্পরিক সম্মতিতে বররা ইজতেমা ময়দানের একটি কামরায় এবং কনেরা নিজগৃহে থেকে কবুল বলেন। তাদের বিয়ে পড়ান মাওলানা শামীম। ইজতেমার প্রথম পর্বে ৯৬ জোড়া যৌতুকবিহীন বিয়ে হয়েছিল।
ছয় মুসল্লির মৃত্যু : ইজতেমায় যোগ দিয়ে গতকাল সকালে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে দ্বিতীয় পর্বে ৬ মুসল্লির মৃত্যু হলো। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. মনজুর রহমান জানান, নোয়াখালীর হাতিয়া থানার আজিম নগরের মফিজুল ইসলামের ছেলে মো. মনির উদ্দিন (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
ইজতেমায় মুশফিকরা : আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য গতকাল দুপুরে ময়দানে অবস্থান নিয়েছেন ক্রিকেটার মুশফিকুর রহিমসহ বেশ কয়েকজন। তারা বিদেশি নিবাসে রয়েছেন। সাকিব আল হাসান, তামিম ইকবালসহ আরও কয়েকজন রাতেই তাদের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে। এর আগে শুক্রবার থেকে ময়দানে রয়েছেন সোহরাওয়ার্দী শুভ, জুনায়েদ সিদ্দিকী, রাকিবুল হাসান ও শাহরিয়ার নাফিজ।
ইজতেমার সার্বিক বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন জানান, আখেরি মোনাজাত ঘিরে বিশেষ নিরাপত্তা নেওয়া হয়েছে। ইজতেমায় মুসল্লিদের আসা-যাওয়ার জন্য রবিবার ভোর ৪টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর চৌরাস্তা এবং ঢাকার মহাখালী থেকে সব ধরনের যানবাহন বন্ধ করে দেওয়া হবে। উত্তরবঙ্গ থেকে আসা গাড়ি গাজীপুরের কোনাবাড়ি থেকে বন্ধ করে দেওয়া হবে। টঙ্গীমুখী সব শাখা সড়কগুলো বন্ধ থাকবে। আখাউড়া, কুমিল্লা ও ময়মনসিংহসহ বিভিন্ন রুটে আসা-যাওয়ার জন্য বিশেষ ট্রেন থাকবে। সুন্দর ও শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
