মেয়র নির্বাচিত হলে ঢাকাকে নিরাপদ বাসযোগ্য ও সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। নির্বাচনী প্রচারের ১০ দিনে গতকাল রবিবার রাজধানীর আজিমপুর বাসস্ট্যান্ড থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এ সময় সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে সংশ্লিষ্ট ৫২টি প্রতিষ্ঠানকে একসঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার করে ইশরাক বলেন, এজন্য শুধু সরকারের সদিচ্ছা প্রয়োজন।
এর আগে সকাল ১০টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ইশরাক। সেখান থেকে আজিমপুর বাসস্ট্যান্ডে গিয়ে গণসংযোগ শুরু করেন তিনি। এর আগে ইশরাক সাংবাদিকদের বলেন, ‘আগামী ১ ফেব্রুয়ারির নির্বাচনকে বিভিন্নভাবে প্রভাবিত করার ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে আপনাদের সজাগ থাকতে হবে। কারণ ১ ফেব্রুয়ারির নির্বাচন হচ্ছে ঢাকাকে ধ্বংসের কবল থেকে রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির একটি সুযোগ। আপনারা কোনোভাবেই সেই সুযোগকে হাতছাড়া করবেন না। নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন।’ এরপর ছাপড়া মসজিদ, আজিমপুর কবরস্থান, জগন্নাথ সাহা রোড ও লালবাগ এলাকায় দুপুর পর্যন্ত গণসংযোগ করেন তিনি। পরে সন্ধ্যায় বাসাবো বৌদ্ধমন্দির এলাকায় গণসংযোগ করেন ইশরাক।
পোস্টার ছেঁড়া ছোটলোকি কাজ : সকালে শেরেবাংলা নগরে যাওয়ার পথে শান্তিনগর মোড় ও হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে তার ও বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী আশরাফুল ইসলামের ছেঁড়া পোস্টার দেখে সঙ্গে থাকা সাংবাদিকদের ইশরাক বলেন, ‘পোস্টার ছেঁড়া ছোটলোকি কাজ। পোস্টার ছেঁড়ার মাধ্যমে আমাদের জনগণের মন থেকে মুছে ফেলতে পারবে না। বিএনপি গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে এ নির্বাচনে অংশগ্রহণ করেছে।’
তিনি অভিযোগ করেন, ‘মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পোস্টার লাগাতে বাধা দেওয়া ও ছেঁড়া হচ্ছে প্রতিদিন। বিভিন্ন এলাকা থেকে এসব অভিযোগ পাওয়া যাচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) ও থানা-পুলিশকে জানালেও কোনো প্রতিকার মিলছে না।’
