জনপ্রিয়তা ধরে রাখতে সম্প্রতি নতুন অনেক ফিচার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। নতুন বছরে বিজ্ঞাপন যুক্ত করার ঘোষণাও দেয় ম্যাসেজিং অ্যাপটি। যদিও এ নিয়ে ইউজারদের মধ্যে অসন্তুষ্টি দেখা দেয়।
জি নিউজ জানায়, তবে এই মুহূর্তে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে না ফেসবুক মালিকানাধীন অ্যাপটি। হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন যুক্ত করার পরিকল্পনা টিমটিও ভেঙে দেয়া হয়েছে।
২০১৪ সালে ২২ বিলিয়ন ডলারের বিনিময়ে ম্যাসেজিং প্ল্যাটফর্মটি কিনে নেয় ফেসবুক। এরপরই হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন যুক্ত করার পরিকল্পনা নেয় সামাজিক যোগাযোগমাধ্যমটি। কিন্তু এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি হোয়াটসঅ্যাপের সহ-প্রতিষ্ঠাতা ব্রায়ান অ্যাক্টন ও জান কোম। এর জেরে ২০১৭ সালে কোম্পানিটি থেকে বেরিয়ে যান দুজন।
সম্প্রতি দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন দেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য যে বিশেষ টিম তৈরি করা হয়েছিল, সেটি ভেঙে দেওয়া হয়েছে।
এ ছাড়া টিমটির সব ধরনের কাজ মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফেসবুকের পক্ষ থেকে। যদিও এই বিষয়ে কোনো মন্তব্য মেলেনি সামাজিক যোগাযোগমাধ্যমটির পক্ষ থেকে।
