সাংবাদিকদের ফখরুল

সিটি নির্বাচন গণতন্ত্রের মুক্তির চ্যালেঞ্জ

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ০৩:০৭ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের জন্য প্রথমবারের মতো ভোট চাইলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার মিরপুরে তাবিথের গণসংযোগ শুরুর প্রাক্কালে সাংবাদিকদের তিনি বলেন, এ নির্বাচনকে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্রের মুক্তির জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। জনগণকে এ মুক্তি আন্দোলনে সম্পৃক্ত করতে আমার নির্বাচনে এসেছি।

মির্জা ফখরুলের পর গণসংযোগে যুক্ত হন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

গণসংযোগ শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল আরও বলেন, তাবিথ আউয়ালের পক্ষে, ধানের শীষের পক্ষে যে গণজোয়ার দেখেছি তা অভূতপূর্ব। আমরা মনে করি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে অবশ্যই তাবিথ আউয়াল বিপুল ভোটে বিজয়ী হবে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্রের মুক্তি এবং জনদুর্ভোগ থেকে ঢাকাবাসীর মুক্তির জন্য তাবিথ আউয়াল যে কর্মসূচি নিয়েছে ঢাকাবাসী সে কর্মসূচির সঙ্গে একমত হবেন এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন। বিএনপি মহাসচিব বলেন, আমরা বিশ্বাস করি জনগণের উত্তাল তরঙ্গের মধ্যে তাবিথ আউয়ালের ধানের শীষ বিজয়ী হবে ইনশাআল্লাহ। গণসংযোগে আ স ম আবদুর রব ভোটারদের উদ্দেশে বলেন, সরকার এর আগেও ভোট চুরি করেছে। এবারও করবে। তাই আমাদের সতর্ক থাকতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত