রেসিডেনসিয়াল ছাত্র নাইমুলের মৃত্যু

প্রথম আলো সম্পাদকের জামিন, অন্যদের গ্রেপ্তার হয়রানি না করতে নির্দেশ

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ০৩:১৩ এএম

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে জামিনের এই মেয়াদ শেষে তাকে নিম্ন আদালতে হাজির হতে বলা হয়েছে। আর জামিনযোগ্য অভিযোগ হওয়ায় জামিনের আবেদন করলে সেটি নিম্ন আদালতকে বিবেচনাও করতে বলেছে হাইকোর্ট। মতিউর রহমানসহ ছয়জনের করা জামিনের আবেদন নিষ্পত্তি করে গতকাল সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

একই আদেশে প্রথম আলোর সাময়িকী ‘কিশোর আলো’র সম্পাদক আনিসুল হকসহ অন্য পাঁচজনকে এই মামলায় অভিযোগ গঠন বা অন্য কোনো প্রতিবেদন দাখিল পর্যন্ত গ্রেপ্তার কিংবা হয়রানি না করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টে জামিনের আবেদনকারী অন্যরা হলেন প্রথম আলোর সাময়িকী ‘কিশোর আলো’র জ্যেষ্ঠ সহসম্পাদক মহিতুল আলম, পত্রিকাটির হেড অব ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন কবির বকুল, নির্বাহী শাহ পরাণ তুষার ও নির্বাহী শুভাশীষ প্রামাণিক।

গতকাল আদালতে এই ছয়জনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম। সঙ্গে ছিলেন আইনজীবী তানজীম উল আলম ও প্রশান্ত কর্মকার। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

আবরারের অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে করা মামলায় গত বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. কায়সারুল ইসলাম মতিউর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গত বছরের ১ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে ‘কিশোর আলো’র একটি অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয় নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার রাহাত। এরপর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন সেখানকার চিকিৎসকরা। এই মৃত্যুর ঘটনায় আবরারের বাবা মো. মুজিবুর রহমান গত ৬ নভেম্বর প্রথম আলো সম্পাদকসহ কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৩০৪ (ক) ধারায় অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগ আনা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত