ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিএনপির মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। গতকাল মঙ্গলবার দুপুরে ডেমরার মালা মার্কেটে গণসংযোগকালে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দেবেন। আজকে ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে সে জোয়ারে সব অপচেষ্টা ভেসে যাবে।’
ধানের শীষের এই প্রার্থী বলেন, ‘কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করার যে আন্দোলনে আমরা শরিক হয়েছি, সেই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমার কোনো রাষ্ট্রীয় শক্তি নেই, পুলিশি শক্তি নেই। তবে আমার শক্তি হচ্ছে জনগণ। আমি আপনাদের নিয়ে সামনে এগিয়ে যাব। প্রয়োজনে জীবন দেব, যদি মরতে হয় মরব, রক্ত ঝরাতে হলে ঝরাব।’ ইশরাক বলেন, ‘আমার বাবা মরহুম সাদেক হোসেন খোকা যাত্রাবাড়ী এলাকায় যুদ্ধের সময় গুলি খেয়েছিলেন। জনগণের অধিকার আদায়ে তিনি রক্ত ঝরিয়েছেন। আর আমি ইশরাক সেই বাবার সন্তান, আমাকে কেউ আটকাতে পারবে না। আমি সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না।’
নির্বাচনী প্রচারের ১২তম দিন গতকাল বেলা ১১টায় ডেমরা স্টাফ কোয়ার্টার হোসেন মার্কেটের সামনে থেকে গণসংযোগ শুরু করেন ইশরাক। এ সময় তিনি বলেন, আজকে ঢাকা শহরসহ গোটা বাংলাদেশকে ধ্বংস করে ফেলা হয়েছে। মানুষের ভোটাধিকার নেই, কথা বলার অধিকার নেই। আওয়ামী অপশাসনে দুঃশাসন ও অবৈধ সরকারের বিরুদ্ধে আজকে জনগণ জাগ্রত হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি কোনো ষড়যন্ত্র কাজ করবে না। ইশরাক বলেন, আমার বিশ্বাস আপনারা এভাবেই মাঠে থাকবেন। আমরা বিজয় ছিনিয়ে আনার মাধ্যমে কারাবন্দি খালেদা জিয়াকে মুক্ত করব এবং সেখান থেকেই এই সরকারের পতনের আন্দোলন চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপির মেয়র প্রার্থী অবিভক্ত ঢাকার সাবেক সফল মেয়র সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান। আজকে ডেমরাবাসী ধানের শীষের সমর্থনে ইশরাক হোসেনের জন্য যে গণজোয়ার সৃষ্টি করেছেন। এর মাধ্যমে প্রমাণিত হয়, পুরো ঢাকা শহরে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
ইশরাক এদিন ডেমরা স্টাফ কোয়ার্টার হোসেন মার্কেট, বাওয়ানি জুটমিল, ডেমরা থানা, ডেমরা বাজার, মালা মার্কেট, মীরপাড়া, হোসেন মার্কেট, হাজিনগর, শারুলিয়া বাজার, মা ম্যামোরিয়াল স্কুল রোড, আমতলা, বঙ্গনগর, রানী মহল অক্সফোর্ড স্কুল ও অরবিতা কমিউনিটি সেন্টার এলাকায় প্রচার চালান।
