এজেন্টদের বাড়ি থেকে আনার দায়িত্ব নিতে পারি না: সিইসি

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১০:২৪ পিএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘এজেন্টদের বাড়ি থেকে এনে ভোট কেন্দ্রে প্রবেশ করিয়ে দেয়ার দায়িত্ব আমরা নিতে পারি না।’

তবে এই ব্যাপারে উপস্থিত কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য আমাদের প্রত্যয় রয়েছে, দৃঢ়তা রয়েছে, অঙ্গীকার রয়েছে, নিষ্ঠা রয়েছে এবং একাগ্রতা রয়েছে।’

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের শুরুতে সিইসি এসব কথা বলেন।

নূরুল হুদা বলেন, ‘আমি চাই না, নির্বাচনে কোনো রকম অভিযোগ, অনিয়ম, বিচ্যুতি নির্বাচন কমিশন পর্যন্ত গড়াক। আমাদের পর্যন্ত যদি আসে, তাহলে তার বিরুদ্ধে কঠোর অবস্থান আমাদের থাকবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব কার কার কোন কোন অবস্থায় কার কতটুকু বিচ্যুতি বের করব। কঠিনভাবে আপনারা দায়িত্ব পালন করবেন। আমরাও কঠোর অবস্থানে থাকব অত্যন্ত গুরুত্ব দিয়ে।’

তাবিথের ওপর হামলার প্রসঙ্গে সিইসি বলেন, ‘গতকাল (মঙ্গলবার) একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। সেই ঘটনার অভিযোগ পাওয়ার আগেই আমাদের রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও সেখানে নিয়োজিত ম্যাজিস্ট্রেটকে চিঠি দিয়েছেন জানানোর জন্য। এরকম তড়িৎভাবে আমরা ব্যবস্থা নিই।’

ইসির পক্ষ থেকে বৈঠকে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম ও কবিতা খানম।

আরো ছিলেন ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর, অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান। আর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বৈঠকে রয়েছেন মহাপুলিশ পরিদর্শক, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, বর্ডার গার্ড বাংলাদেশ, র‌্যাব, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআইয়ের মহাপরিচালক, বিভাগীয় কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ঢাকা রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক, ঢাকা জেলা প্রশাসক ও ঢাকার পুলিশ সুপার।

এ ছাড়াও ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তার উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত