কক্সবাজারে কাদের

প্রার্থীর ওপর হামলা হলে ইসির গুরুত্বের সঙ্গে দেখা উচিত

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ০২:৩৮ এএম

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে কোনো প্রার্থীর ওপর হামলা হয়ে থাকলে বিষয়টি নির্বাচন কমিশনের (ইসি) গুরুত্বের সঙ্গে দেখা উচিত বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা উত্তর সিটিতে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলার পরদিন গতকাল বুধবার সকালে কক্সবাজার শহরের কলাতলির সুগন্ধা পয়েন্টে সম্প্রসারিত চার লেন সড়কের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকরা তাবিথ আউয়ালের ওপর হামলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘কোনো প্রার্থীর ওপর যদি কোনো হামলা হয়ে থাকে বিষয়টি নির্বাচন কমিশনের গুরুত্বের সঙ্গে দেখা উচিত। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে আইন প্রয়োগকারী সংস্থাগুলো যারা ব্যবস্থা নিতে পারে, এখন তারা নির্বাচন কমিশনের অধীনে আছে। ঘটনার পুনরাবৃত্তি রোধে নির্বাচন কমিশন এখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে।’ বিএনপি নালিশনির্ভর দল হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, আন্দোলন-নির্বাচন কোথাও তাদের সাফল্য নেই। তারা নালিশনির্ভর রাজনীতি করছে। বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে এবং নালিশ করছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের কাজ অনেকদূর এগিয়ে গেছে। নানা কারণে এখন কক্সবাজারের গুরুত্ব অনেক বেড়ে গেছে। রোহিঙ্গাদের মানবিক সাহায্য করা হয় মন্তব্য করে তিনি বলেন, সেই মানবিক সাহায্য এখন আমাদেরকে মানবিক সংকটের দিকে ঠেলে দিয়েছে।

রাজনীতিতে সৎ মানুষের বড় অভাব : ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পরে চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মো. জয়নুল আবেদীন বীরবিক্রমের শোকসভায় অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে সৎ মানুষের বড় অভাব। রাজনীতিবিদ না হয়েও জেনারেল আবেদীন ছিলেন একজন সৎ, বিনয়ী এবং আপাদমস্তক দেশপ্রেমিক কর্মকর্তা। জনপ্রতিনিধি না হয়েও তার সঙ্গে জনগণের সম্পর্ক ছিল। চুনতির এ অবহেলিত গ্রামকে আলোকিত করেছেন আবেদীন। সভায় সভাপতিত্ব করেন প্রয়াত সামরিক সচিবের বড় ভাই মো. ইসমাইল মানিক।

রোহিঙ্গা বোঝা সরিয়ে নিন : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা সংকট আমাদের ওপর বোঝা হয়ে আছে। আমরা বিশ্ববিবেকের কাছে আহ্বান জানাব, এই অসহনীয় বোঝা বাংলাদেশের ঘাড় থেকে সরিয়ে নিন। গতকাল বিকেলে কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ্বিতীয়বারের মতো দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন কোনো পদক্ষেপ নেওয়া হবে কি নাÑ জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) সেই সিদ্ধান্ত দেবে আজ ২৩ জানুয়ারি। এ প্রসঙ্গ টেনে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা আশা করব বিশ্ববিবেক, বিশ্বের আদালত আমাদের প্রতি সুবিবেচনা করবে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত