গ্রিসের ইতিহাসে গতকাল বুধবার প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির মনোনয়নের ভিত্তিতেই একাতেরিনি শাকেল্লারোপাউলোকে নির্বাচিত করা হয়েছে বলে পার্লামেন্টপ্রধান কসতাস তাসাউসের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে এএফপি।
দেশটির পার্লামেন্টের ৩০০ সদস্যের মধ্যে ২৬১টি ভোট পেয়ে ৬৩ বছর বয়সী একাতেরিনি প্রেসিডেন্ট নির্বাচিতহন। তিনি দেশটির একজন শীর্ষস্থানীয় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি প্রথম নারী হিসেবে গ্রিসের শীর্ষ প্রশাসনিক আদালতের কাউন্সিল অব স্টেটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
চলতি বছরের মার্চের ১৩ তারিখে তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন। প্রধানমন্ত্রী কিরিয়াকস পাভলোপুলোস নিজে একাতেরিনিকে মনোনীত করেন। কনজারভেটিভ পার্টির সমর্থন ছাড়াও তিনি বিরোধী দল সিরিজা ও কিনাল পার্টিরও সমর্থন পান। এর আগে গ্রিসের কোনো প্রেসিডেন্টকে সবদল সম্মিলিতভাবে সমর্থন দেয়নি।
গ্রিসের উত্তরের শহর জাঁথিতে জন্মগ্রহণ করেন শাকেল্লারোপাউলো। তার বাবা গ্রিসের সুপ্রিম কোর্টের একজন বিচারক ছিলেন। আর শাকেল্লারোপাউলো প্যারিসের সোরবোন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শেষ করেছেন।
বর্তমানে এথেন্সে বসবাস করছেন শাকেল্লারোপাউলো। তিনি পরিবেশ সংরক্ষণ সম্পর্কিত অসংখ্য নিবন্ধ লিখেছেন এবং পরিবেশ আইন সম্পর্কিত একটি সমিতির সভাপতিত্ব করছেন। একই সঙ্গে তিনি একজন সংবিধান বিশেষজ্ঞও।
