দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। তিনি আরও বলেন, ‘১ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিলে খালেদা জিয়াকে আর কারাগারে রাখা যাবে না।’ গতকাল শনিবার বেলা ১১টায় ১৬তম দিনের প্রচারের শুরুতে মিরপুর ৬নং সেকশনের কাঁচাবাজার এলাকায় আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।
তাবিথ আউয়াল বলেন, ‘কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতি ও দুঃশাসনের সঙ্গে আপস করেননি বলেই সরকার মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে আটকে রেখেছে। অসুস্থ হলেও তাকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না।’ এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।
বিএনপির এই মেয়র প্রার্থী আরও বলেন, ‘মিরপুর গার্মেন্ট শিল্প এলাকা। এখানে কর্মীদের নিরাপত্তা নেই। জনগণের ভোটে নির্বাচিত হলে গার্মেন্ট শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করব।’ তিনি বলেন, ‘বস্তিবাসীদের উচ্ছেদ করতে বারবার পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। এতে বস্তিবাসীরা অনেক কষ্টে আছেন। আমরা নির্বাচিত হতে পারলে বস্তিবাসীদের পুনর্বাসন করা হবে।’
পথসভা শেষে হুট খোলা গাড়িতে চড়ে তাবিথ কাঁচাবাজার এলাকা, বেনারসী পল্লী, অনিক প্লাজা ঘুরে মিরপুর ১২ নম্বরে যান। সেখানে পথসভা ও গণসংযোগ শেষে তিনি দুপুর ২টায় ইসিবি চত্বরে পথসভা ও গণসংযোগ করেন। এ সময় তাবিথ সবাইকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এলাকায় উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন।
এরপর ১৫ নম্বর ওয়ার্ডের মাটিকাটা বাজারে পথসভায় তাবিথ বলেন, ‘ঢাকায় দূষণমুক্ত পরিবেশ তৈরির জন্য আদালত রায় দিয়েছে। যারা অতীতে দায়িত্বে ছিলেন তারা আদালতের রায় মানেননি। আমাদের দায়িত্ব দিলে আমরা জনগণের এসব দাবি বাস্তবায়নের চেষ্টা করব।’ তিনি আরও বলেন, ‘সামনে সাতটি দিন কঠিন সময় পার করতে হবে। আপনাদের ভয়ভীতি দেখানো হবে, নির্বাচন থেকে দূরে সরিয়ে দিতে। কিন্তু আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন। আসলে ভয় যারা দেখাচ্ছেন তারা আপনাদের বেশি ভয় পায়।’ এরপর তাবিথ ভাসানটেক পকেটগেট, ভাসানটেক কাঁচাবাজার, মানিকদি মাঠের মোড়, বালুরঘাটের আজিজ মার্কেট, হাজি মার্কেট ও আলাউদ্দিরটেকে পথসভা ও গণসংযোগ করেন।
বিকেল সোয়া ৫টায় মিরপুর ১৪ নম্বর মোড়ে পথসভার মাধ্যমে দিনের কর্মসূচি শেষ করেন তাবিথ। এ সময় তিনি বলেন, ‘আওয়ামী লীগ স্বৈরাচার। তাদের কাছে কালো টাকা ও পেশিশক্তি আছে। আর আমাদের পক্ষে আছে জনগণ। জনগণের দোয়া ও শক্তি নিয়ে আগামী ১ ফেব্রুয়ারি আমরা ভোটের লড়াইয়ে মাঠে নামব। কোনো শক্তি আমাদের দমিয়ে রাখতে পারবে না।’
এদিকে তাবিথের মা নাসরিন ফাতেমা আউয়াল গতকাল দুপুরে কাওলা ও দক্ষিণখান এলাকায় লিফলেট বিতরণ করেন ও ছেলের জন্য ভোট চান।
তাবিথের পক্ষে প্রচারে রিজভী : বিকেল ৩টার দিকে মালিবাগ আবুল হোটেলের সামনে থেকে তাবিথের পক্ষে প্রচার শুরু করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এরপর তিনি মালিবাগ চৌধুরীপাড়া, মীরবাগ, মধুবাগ হয়ে হাতিরঝিলের পাশ দিয়ে আবারও মধুবাগ হয়ে বড় মগবাজার রেলগেটের সামনে এসে প্রচার শেষ করেন। এছাড়া রিজভী ২২, ২৩ ও ৩৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী নীলুফা ইয়াসমীন নীলুর পক্ষেও প্রচার চালান।
