গাজীপুরের শ্রীপুরে বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে গিয়ে এক কিশোরীকে দল বেঁধে ধর্ষণের পর ওই ঘটনার ভিডিও চিত্র ফেইসবুকে প্রচারের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত ১৫ জানুয়ারি ১৫ বছরের ওই কিশোরী ধর্ষণের শিকার হওয়ার পরদিন শ্রীপুর থানায় মামলা হয়। ওই ঘটনার ১০ দিনের মাথায় গত শুক্রবার রাতে চারজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার র্যাব-১-এর গাজীপুর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তার চারজন হলো কিশোরগঞ্জের হোসেনপুরের শরীফ হোসেন (১৮), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ইমরান হাসান (১৯), গাজীপুরের শ্রীপুরের শরিফউদ্দিন মোল্লা (২০) এবং ময়মনসিংহের ত্রিশালের ১৬ বছর বয়সী এক কিশোর।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শরীফ হোসেনকে গাজীপুরের রাজবাড়ী এলাকা থেকে গত শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তার করা হয় বাকি তিনজনকে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জন্মদিনের অনুষ্ঠানে নিয়ে গিয়ে নির্যাতনের শিকার কিশোরীকে পানীয়ের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে পান করানো হয়। মেয়েটি অচেতন হয়ে গেলে তাকে চারজন মিলে ধর্ষণ করে। পরে কিশোরীকে অচেতন অবস্থায় ফেলে রেখে যায় তারা। এছাড়া ইমরান হাসান ধর্ষণের চিত্র ধারণ করে ফেইসবুকে আপলোড করে। এ ঘটনায় গত ১৬ জানুয়ারি শ্রীপুর থানায় মামলা হয়। মামলার পর ভুক্তভোগী পরিবার র্যাব-১-এর কাছে আইনগত সহায়তা চাইলে তারা এ চারজনকে আটক করে।
