চীনের রহস্যময় করোনাভাইরাসে মৃত ও আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। দেশ ‘ভয়াবহ পরিস্থিতির’ মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট শি চিনপিং।
আলজাজিরা জানায়, শনিবার নাগাদ এই ভাইরাসে মৃতের সংখ্যা ৫৬ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৭৫ জন।
প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়ার কেন্দ্র হুবেই প্রদেশের কর্মকর্তারা আরও ১৩ জনের মৃত্যুর কথা জানিয়েছেন। সেখানে শ্বাস-প্রশ্বাসজনিত এই রোগে আক্রান্ত হয়েছেন আরও ৩২৩ জন।
হুবেই প্রদেশের রাজধানী উহানে নতুন করে সাতজনের মৃত্যু হয়েছে। মৃত মোট ৫৬ জনের ৪৬ জনই এক কোটি ১০ লাখ অধিবাসীর এই শহরের।
ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে উহানে যাতায়াত বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। সব মিলিয়ে ১২টির বেশি শহরের পাঁচ কোটি ৬০ লাখ অধিবাসীর যাতায়াতে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
এদিকে এমন সময় প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়েছে, যখন দেশটির পঞ্জিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ চান্দ্রবর্ষ উদ্যাপন শুরু করেছে চীনারা।
ভাইরাস ছড়িয়ে পড়ায় অনেক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। উহান প্রদেশে শুধু এই ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় একটি নতুন হাসপাতাল নির্মাণ করা হয়েছে।
সম্প্রতি ছড়িয়ে পড়া এই রোগের লক্ষণ হলো- শুকনো কাশির পর জ্বর আসে। সপ্তাহখানেক পর শ্বাস-প্রশ্বাস কমে যায়। এরপর আক্রান্তদের মধ্যে কিছু লোককে হাসপাতালে ভর্তির প্রয়োজন দেখা দেয়। প্রতি চারজনের একজনের অবস্থা খুবই খারাপ হয়।
