ইরাকের মার্কিন দূতাবাসে রকেট হামলা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ১১:০৪ পিএম

ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে তিনটি রকেট হামলা হয়েছে। একটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, গত রবিবার নৈশভোজের সময় এ হামলা হয়। এর মধ্যে একটি রকেট সরাসরি দূতাবাসের ক্যাফেটেরিয়ায় আঘাত হানে। বাকি দুটি এর অল্প দূরত্বে গিয়ে পড়ে।

এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে অতীতে এ ধরনের হামলার জন্য ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়াদের দায়ী করেছে যুক্তরাষ্ট্র। রবিবারের হামলা নিয়ে দূতাবাস কোনো মন্তব্য করেনি। নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে তিনজন আহতের তথ্য দিয়েছে। তবে ইরাকি কর্র্তৃপক্ষ জানিয়েছে, কেউ হতাহত হয়নি।

হামলার নিন্দা জানিয়ে ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদেল মাহদি বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড ইরাককে একটি রণক্ষেত্রে পরিণত করতে পারে।’ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কূটনৈতিক স্থাপনা সুরক্ষার বাধ্যবাধকতা পূরণে ইরাকি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত