ভোট চুরি ঠেকাতে কেন্দ্রে আসুন, ভোট দিন : তাবিথ

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ০২:৩১ এএম

ভোটারদের নির্ভয়ে সকাল সকাল ভোটকেন্দ্রে হাজির হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বিএনপি মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। গতকাল সোমবার দুপুরে উত্তরখান হেলাল মার্কেটের সামনে গণসংযোগ শুরুর আগে পথসভায় তিনি এ আহ্বান জানান। এ সময় তার সঙ্গে

ছিলেন উত্তরখান থানা বিএনপির সভাপতি আহসান হাবীব আহসান, ৪৫ নম্বর ওয়ার্ডের বিএনপির কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম বেপারী (ঘুড়ি মার্কা) এবং ৪৩, ৪৪ ও ৪৫ ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী আইরীন আক্তার লাকী (চশমা মার্কা)।

তাবিথ বলেন, ভোট চুরি ঠেকানোর কৌশল হলো ভোট দেওয়া। আপনারা কেন্দ্রে না গেলে তারা (প্রতিপক্ষ) ভোট চুরি করতে পারবে। সুতরাং আপনারা অবশ্যই ভোটকেন্দ্রে যাবেন, ভোট দেবেন। আপনারা (জনগণ) আমাদের শক্তি। ১ ফেব্রুয়ারি সেই শক্তি দেখাতে আপনারা সাহস নিয়ে দলে দলে কেন্দ্রে আসবেন। তিনি বলেন, আপনারা ১৯৯১ সালে ভোট দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। আপনাদের ভোটে নির্বাচিত সেই খালেদা জিয়া এখন কারাগারে বন্দি। তিনি এখন আপনাদের দিকে তাকিয়ে আছেন, সাহস করে আপনাদের এগিয়ে আসতে হবে। আপনাদের ভোট তার মুক্তি ত্বরান্বিত করবে।

বিএনপির এ মেয়র প্রার্থী পথসভা শেষে উত্তরখান এলাকায় গণসংযোগ শুরু করেন। পর্যায়ক্রমে তিনি বাউনিয়া, উলুদোহা, ৪৫ নম্বর ওয়ার্ডে উত্তরখান কবিরশাহ মাজার, বালুর মাঠ, ময়নারটেক, ৪৬ নম্বর ওয়ার্ডের চামুরখা, চাঁনপাড়া, মাস্টারবাড়ী, আটিপাড়া, ৪৭ নম্বর ওয়ার্ডের ফায়দাবাদ, কোটবাড়ী চেরীরটেক, সরকারি প্রাথমিক বিদ্যালয়, টিসি কলোনি, আফতাব মার্কেট এলাকায় গণসংযোগ করেন। পরে দক্ষিণখানের ৮ নম্বর সেক্টরের রেললাইন সংলগ্ন এলাকায় এসে শেষ করেন দিনের কর্মসূচি।

ময়নারটেকে পথসভায় তাবিথ আউয়াল বলেন, ‘আমাদের ভাগ্য আমাদের বদলাতে হবে, আমাদের নিরাপত্তা, পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ আমাদের ঠিক করতে হবে। এসব নির্ধারণ করার মাইলফলক ১ ফেব্রুয়ারি। আমার মা, বোন ও ভাইয়েরাÑ আপনারা দয়া করে ভোট দিতে যাবেন।’ তিনি বলেন, ‘এ এলাকায় উন্নয়নের ছোঁয়া নেই। মশার উপদ্রব বেশি। রাস্তাঘাট ভাঙা। ১ ফেব্রুয়ারি ভোট দিয়ে ধানের শীষকে জয়ী করতে পারলে এসব সমস্যার সমাধান হবে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত