নির্বাচন কমিশনে (ইসি) লেভেল প্লেয়িং ফিল্ডÑ এমন আজগুবি কথা জীবনে শোনেননি জানিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যে সুরে কথা বলছে, কমিশনার মাহবুব তালুকদারও একই সুরে কথা বলছেন। গতকাল সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের এ সংক্রান্ত মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
মাহবুব তালুকদার গত রবিবার
সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনেই কোনো লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নেই। কমিশন সভায় তার প্রস্তাব বা সুপারিশ সংখ্যাগরিষ্ঠতা না থাকায় অগৃহীত হয়। তাকে সংখ্যালঘিষ্ঠ হিসেবে না দেখে বক্তব্যের বিষয়বস্তুর গুরুত্ব (মেরিট) বিবেচনায় নেওয়া প্রয়োজন। কমিশন সভায় তার বক্তব্য দেওয়ার স্থান সংকুচিত হয়ে পড়েছে। গতকাল সংবাদ সম্মেলনে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের সাংবাদিকদের বলেন, এটি নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ বিষয়। সেখানে একজন কমিশনার ভিন্নমত পোষণ করতেই পারেন। কিন্তু তিনি (মাহবুব তালুকদার) কথায় কথায় যেভাবে তাদের ঘরের বিষয়, অভ্যন্তরীণ প্রক্রিয়া বাইরে নিয়ে আসছেন, সেটা অবশ্যই সমর্থনযোগ্য নয়। নির্বাচন কমিশনের অভ্যন্তরে আবার লেভেল প্লেয়িং বিষয় কী? তিনি (মাহবুব তালুকদার) ভিন্নমত পোষণ করতেই পারেন। তবে ইদানীং বিএনপি যে সুরে কথা বলছে, একই সুরে মাহবুব তালুকদারও কথা বলছেন। মনে হয়, তিনি একটা পক্ষ নিয়ে এ ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন।
রবিবার ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের প্রচারের সময় যে সংঘর্ষ হয় সে বিষয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, এটি অনাকাক্সিক্ষত ঘটনা। সেখানে ভিডিও ফুটেজ আছে। গুলি কোন পক্ষ থেকে এসেছে, অফিসে লাথি মারা, এগুলোর ভিডিও ফুটেজে আছে। নির্বাচন কমিশনের উচিত সঠিক তদন্ত করা। সত্য উদঘাটন করা। এটি নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ নিয়ে বিএনপি নেতারা কূটনীতিকদের কাছে অভিযোগ জানিয়েছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ইভিএমের বিষয়ে বিএনপির করা রিট হাইকোর্ট খারিজ করে দিয়েছেন। এই সিস্টেম নিয়ে বিতর্কের আর কোনো সুযোগ নেই।
অভিযোগ রয়েছে, বিএনপি সমর্থিত কিছু কাউন্সিলর প্রার্থী প্রচার চালাতে পারছেন না, তাদের পুলিশ হয়রানি করছে। এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘সরকারের পক্ষ থেকে আমরা পুলিশকে এই ধরনের কোনো নির্দেশনা দিইনি। তাছাড়া পুলিশ এখন নির্বাচন কমিশনের নির্দেশে চলছে। তাই তাদের অভিযোগগুলো অন্ধকারে ঢিল ছোড়ার মতো। এর কোনো ভিত্তি নেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, তার জন্য শুভকামনা। তিনি আরও অনেক দিন বাঁচুক। তিনি সুস্থভাবে বাঁচুক আমি আল্লাহর কাছে সেই প্রার্থনা করি। সীমান্ত হত্যার বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘সীমান্ত হত্যার বিষয়ে ফরেন মিনিস্টার কথা বলেছেন। তিনিই আসলে রিয়াল অথরিটি। কাজেই এ ইস্যুতে আমার কথা বলা ঠিক হবে না।’
