বিয়ের অনুষ্ঠানে পুড়ে এক পরিবারের ৫ জনের মৃত্যু

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ০৩:৩২ এএম

মৌলভীবাজার শহরে বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে বাবা-মেয়েসহ একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের সাইফুর রহমান সড়কে একটি দোতালা টিনশেড ঘরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পিংকি সু স্টোরের মালিক সুভাষ রায় (৬৫), তার মেয়ে প্রিয়া রায় (১৯), সুভাষের ভাইয়ের স্ত্রী দীপ্তি রায় (৪৮), শ্যালকের স্ত্রী দীপা রায় (৩৫) ও দীপার মেয়ে বৈশাখী রায় (৩)। এ দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন সুভাষ রায়ের ভাই মনা রায় প্রনয় (৬০)। তাকে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, নিচতলায় সুভাষ রায়ের মালিকাধীন পিংকি সু স্টোর। এর উপরের তলাতেই তার বাসা। সেখানে মেয়ের বিয়ে-পরবর্তী অনুষ্ঠান ঘিরে ১২ স্বজন জড়ো হন। সকাল সোয়া ১০টার দিকে নিচতলার জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে সাতজনকে উদ্ধার করেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বাসাটি থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত সুভাষ রায়ের ভাতিজা কল্প রায় জানান, গত ২২ জানুয়ারি সুভাষ রায়ের মেয়ে পিংকির বিয়ে হয়। বিয়ে-পরবর্তী অনুষ্ঠান উপলক্ষে আত্মীয়রা বাসায় আসেন। এতে হবিগঞ্জ থেকে সপরিবারে সুভাষের শ্যালক স্বজল রায় যোগ দেন। আগুন লাগার পরে ছেলেকে নিয়ে সজল বের হলেও স্ত্রী দীপা ও মেয়ে বৈশাখী অন্যদের সঙ্গে পুড়ে মারা যায়।

মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমদ জানান, নিচতলার জুতার দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দোকানে থাকা গ্যাস লাইনের রাইজার থেকে তা দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানান জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হারুন পাশা।

মৌলভীবাজার শ্মশান ঘাটে রাতে লাশগুলো দাহ করা হয়। এজন্য এক লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে বলে জানান মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সহকারী জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার নেতৃত্বে ৭ সদস্যের কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অন্যদিকে পৌর মেয়র ফজলুর রহমান জানান, পৌর কমিশনার জালাল আহমেদের নেতৃত্বে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি করেছেন তারা।

এ ঘটনায় মৌলভীবাজার-১ আসনের এমপি বন পরিবেশ ও জলবায়ু বিষয়কমন্ত্রী শাহাবউদ্দিন গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত